স্পোর্টস ডেস্ক।।
বেশ কয়েক বছর ধরে বিরাট কোহলির ফর্ম নিয়ে (বিশেষ করে টেস্টে) হচ্ছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ২০১৯ সালের পরই এই তারকার গড় নেমে গেছে দ্রুতগতিতে। নিজের খেলা শেষ ২৫ টেস্টে মাত্র ২৯.৬৯ গড় নিয়ে করেছেন ১ হাজার ২৭৭ রান। এই সময়ে এসেছে মাত্র ১টি সেঞ্চুরি।
কোহলির ফর্ম নিয়ে তো খোলামেলা সমালোচনাই করেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তার মতে, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুট এবং বিরাট কোহলিকে নিয়ে করা আলোচিত ‘ফ্যাব ফোরের’ মধ্যে এখন আর নেই কোহলি। ২০১৪ সালে টেস্ট ক্রিকেটে মুন্সিয়ানার জন্য এই চারজনকে এই উপাধি দেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো। কোহলির ফর্ম গেলেও নিজেদের ফর্ম ধরে রেখেছেন উইলিয়ামসন, স্মিথ ও রুট।
চোপড়ার এই ঘোষণার পর টুইটারে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ কেউ জিজ্ঞেস করছেন কোহলির জায়গাটি বাবর দখল করতে পারেন কি না। বিষয়টি নিয়ে ইংল্যান্ডের সাবেক ওপেনার নিক নাইট তো বাবরকে আরও এগিয়ে দিলেন। তার মতে, বাবর ‘এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের ফ্যাব ওয়ান’। নাইটের এই টুইটটির প্রশংসা ও সমালোচনাকারীদেরও অভাব ছিল না সামাজিক যোগাযোগমাধ্যমে।
২০১৬ সালে অভিষেকের পর থেকেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হয়ে আসছেন বাবর। ৪৭ ম্যাচে ৪৮.৬৩ গড়ে করেছেন ৩ হাজার ৬৯৬ রান। ৯টি সেঞ্চুরির সঙ্গে বাবরের ব্যাটে এসেছে ২৬টি হাফ সেঞ্চুরি। যদিও তিনি স্মিথ, উইলিয়ামসন, রুট এবং কোহলির তুলনায় বেশ জুনিয়র। কোহলি, রুট এবং স্মিথ সবাই কমপক্ষে ১০০টি টেস্ট খেলে ফেলেছেন। উইলিয়ামসনেরও টেস্ট ম্যাচের সংখ্যা ৯৪টি। একসময় কোহলির ব্যাটিং গড় পঞ্চাশের ওপর থাকলেও বর্তমানে তার গড় নেমে এসেছে ৪৮.৭২-এ। উইলিয়ামসনের গড় ৫৪.৮৯ এবং ২০১৬ সালের পর থেকে আগুনে ফর্মে থাকা রুটের গড় ৫০.১৬। আর সবচেয়ে বেশি ৫৮.৯৪ গড় স্টিভেন স্মিথের।











































