Home খেলাধুলা রুশ-ইউক্রেন যুদ্ধের ছায়া উইম্বলডনেও, এবার যা ঘটল

রুশ-ইউক্রেন যুদ্ধের ছায়া উইম্বলডনেও, এবার যা ঘটল

12

স্পোর্টস ডেস্ক।।

গত মাসে শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কার কাছে হারের পর হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন ইউক্রেনের এলিনা সভিতোলিনা। সে ঘটনায় দুয়ো শুনতে হয় সভিতোলিনাকে। এবার ঘটলো উল্টোটা। উইম্বলডনের শেষ ষোলোর লড়াইয়ে সভিতোলিনার কাছে হেরে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন বেলারুশের আরেক তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। এবার দুয়ো শুনতে হয় আজারেঙ্কাকে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। দেশটির অভিযানের সবচেয়ে বড় সমর্থক প্রতিবেশী বেলারুশ। তাইতো ইউক্রেনের খেলোয়াড়রা বেলারুশের ওপরও নাখোশ। এ কারণেই দেশটির কোনো খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান না ইউক্রেনের সভিতোলিনা।

ফরাসি ওপেনে হাত না মেলানোয় বিদ্রুপের শিকার সভিতোলিনা আরও একবার স্পষ্ট করেছেন নিজের অবস্থান। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, রাশিয়া যতদিন না আমার দেশ ছেড়ে যাবে, আমি ওদের সঙ্গে হাত মেলাব না। এটা পরিস্কার করেই বলা আছে।’

তবে দর্শকদের থেকে দুয়ো শোনাকে ‘অন্যায্য’ বলেছেন আজারেঙ্কা। তিনি বলেন, ‘আমার কী করার ছিল? ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতাম? তিনি (সভিতোলিনা) তো বেলারুশ বা রাশিয়ার কারও সঙ্গে হাত মেলাতে চান না। আমি তার সেই সিদ্ধান্তকে সম্মান করি।’

 

প্রসঙ্গত, এদিন আজারেঙ্কার বিপক্ষে প্রথম সেটে ৬-২ ব্যবধানে হারলেও পরের দুই সেট ৬-৪ ও ৭-৬ (১১-৯) সেটে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন সভিতোলিনা। সেখানে তিনি মুখোমুখি হবেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপাজয়ী ইগা শিয়াওতেকের।