ঢাকা অফিস।।
আগামী ১২ জুলাই সরকারবিরোধী একদফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিশাল’ সমাবেশ থেকে এ ঘোষণা দেবে দলটি। এ জন্য বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোকে সার্বিক প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (ভার্চুয়ালি) সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার সভায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বছরের ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। এর পর ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন কর্মসূচি শুরু করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।
বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচনবিষয়ক ছয় সদস্যের তথ্যানুসন্ধানী মিশনের সঙ্গে দলটির প্রতিনিধি দলের বৈঠকের কথা রয়েছে। ১৬ দিনের ইইউ মিশনটির রবিবার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। তাদের সঙ্গে বৈঠকের আগেই সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ ঘোষণার মধ্য দিয়ে ইইউ প্রতিনিধি দলের কাছে বিএনপি বার্তা পৌঁছাতে চায় যে, সরকার পতনের আন্দোলন চূড়ান্ত ধাপে নেমেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ১২ জুলাই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় ধরনের জমায়েত করে একদফার ভিত্তিতে কর্মসূচি ঘোষণা করা হবে। বৈঠকে অংশ নেওয়া গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি আমাদের সময়কে বলেন, ১২ জুলাইয়ের সমাবেশ সফলের প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের আছে।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সমাবেশের অনুমতি চেয়ে আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়ে আবেদন করা হতে পারে। এ জন্য বিএনপির একটি প্রতিনিধি দলের ডিএমপিতে যাওয়ার কথা রয়েছে।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার রাতে হঠাৎ করে তাদের জানানো হয় দলের শীর্ষ নেতা তাদের সঙ্গে বৈঠক করবেন। তারুণ্যের সমাবেশে অংশ নিতে ততক্ষণে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা সিলেটে অবস্থান করছিলেন। বৈঠকে অংশ নিতে দ্রুত তারা ঢাকা ফেরেন।
বৈঠক সূত্র জানায়, প্রায় এক ঘণ্টার বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জেলা ও অঙ্গসংগঠনের একজন করে
শীর্ষ নেতা বক্তব্য রাখেন। বৈঠকে বিএনপির শীর্ষ নেতা বলেন, কর্মসূচিতে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিতে সবার নজর দিতে হবে। ঢাকার আশপাশের জেলা থেকে যেন উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী উপস্থিত সে বিষয়ে নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব। এদিকে বিকালে নয়াপল্টনে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাশেষে রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, স্থায়ী কমিটির বৈঠকে সমমনা জোট ও দলগুলোর কর্মসূচির প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রস্তাবে হরতাল, অবরোধ, অসহযোগ ও ঘেরাওসহ লাগাতার নানা কর্মসূচির প্রস্তাব রয়েছে। তবে বিএনপি হরতাল-অবরোধের মতো সহিংতার কর্মসূচিতে যেতে চায় না। অহিংস কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করতে চায়। পরিস্থিতি বাধ্য করতে কঠোর কর্মসূচিতে যাবে দলটি।
গত কয়েক দিনে যুগপৎ আন্দোলনে শরিক দুটি জোট ও দুটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ১২-দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের পাশাপাশি গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজোঁ কমিটির নেতারা। বৈঠকে সব দল সরকার পতনের লক্ষ্যে একদফার ঘোষণায় যেতে একমত হয়। আগামীকাল সোমবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক আছে। ওই বৈঠকে সম্মিলিত বিরোধী দলের রাষ্ট্র মেরামতের ‘যৌথ ঘোষণাপত্র’ নিয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, চলমান আন্দোলনকে একটি গণআন্দোলন বা জাতীয় রূপ দিতে চাইলে বিরোধী দলগুলোকে একমঞ্চে ওঠার জন্য আরও অপেক্ষা করা হতে পারে। রাজপথ থেকেই সব দলের বোঝাপড়ার মধ্য দিয়েই একমঞ্চে উঠলে আন্দোলনে ভালো ফল আসবে বলে মনে করেন এই নেতা।











































