স্পোর্টস ডেস্ক।।
আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা অনেক আগে থেকেই। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপ যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। বিষয়টি নজর এড়ায়নি আর্জেন্টিনারও। বিভিন্নভাবেই বাংলাদেশি ভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছে তারা।
ফুটবলই ফিরিয়ে এনেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে চালু হয়েছে আর্জেন্টিনার দূতাবাস। দেশটির ঘরোয়া লিগে দেখা গেছে লাল-সবুজ পতাকা। আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও উঠে এসেছিল লিওনেল মেসিদের অর্জনে বাংলাদেশি ভক্তদের উন্মাদনা।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ তো বলেছিলেনই, ‘এটা আমাদের গর্বিত করে যে বাংলাদেশে আমাদের এভাবে সমর্থন দিচ্ছে। এত ভালোবাসার জন্য আমরা আপনাদের অনেক ধন্যবাদ জানাই।’
সেই ধারাবাহিকতায় এবারের ঈদ-উল-আজহায়ও বাংলাদেশকে শুভেচ্ছা জানালো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির ফুটবল ফেডারেশন বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে লেখে, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক। এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করা স্মরণীয় মুহূর্ত।’ এই লেখার সঙ্গে জুড়ে দেওয়া ছিল লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং রদ্রিগো দি পলের ছবি।
এদিকে, কয়েকদিন পরই বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। এক ফেসবুক পোস্টে মার্তিনেজ নিজেই জানিয়েছিলেন সে কথা। গত সোমবার দেওয়া এক ফেসবুক পোস্টে মার্তিনেজ লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতীয় উপমহাদেশে ৩ জুলাই ২০২৩ আমার যাত্রা শুরু হবে। বাংলাদেশে পা দেওয়ার মাধ্যমে এই যাত্রা শুরু হবে। যেখানে আমি ফান্ডেডনেক্সট এবং নেক্সট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তার সুযোগ পাব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে।’











































