স্পোর্টস ডেস্ক।।
টেস্টে ৯ হাজার রান ছুঁতে ৩১ রান দূরে থেকে লর্ডসে ব্যাটিংয়ে নেমেছিলেন স্টিভেন স্মিথ। নেমে নিজের ৯ হাজার তো পূরণ করেছেনই। ৮৫ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে।
লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথমদিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৩৯ রান। স্মিথ ছাড়াও অর্ধশতকের দেখা পেয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার (৬৬) এবং ফর্মে থাকা ব্যাটসম্যান ট্রাভিস হেড (৭৭)।
৯৯ ম্যাচে ১৭৪ ইনিংস খেলে ব্যক্তিগত ৯ হাজার রান পূর্ণ করেন স্মিথ। টেস্টে এর চেয়ে বেশি দ্রুতগতিতে শ্রীলংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাই কেবল এই রান ছুঁয়েছেন। ১৭২তম টেস্ট ইনিংসে ৯ হাজার রানের রেকর্ড স্পর্শ করেন শ্রীলংকার কিংবদন্তি এই ব্যাটসম্যান।
স্মিথ অস্ট্রেলিয়ার ৩য় ব্যাটসম্যান যিনি ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। সবমিলিয়ে ১৭তম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এমন অর্জন স্মিথের। এই রান ছোঁয়ার পথে এখনো পর্যন্ত ৩১টি সেঞ্চুরি এবং ৩৭টি ফিফটি করেছেন স্মিথ। গড়ও ঈর্ষণীয়, ৫৯.৩৯।
২০১০ সালে লেগ স্পিনার হিসেবে দলে অভিষেক হলেও আস্তে আস্তে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিতে থাকেন স্মিথ। শুরুতে ব্যাটিং অর্ডারের নিচের দিকে নামলেও ক্রমান্বয়ে উঠে আসেন টপ অর্ডারে। ২০১৫ সালে প্রথমবারের মতো আইসিসি র্যাংকিংয়ের এক নম্বরে উঠে আসেন তিনি। এরপর থেকে বেশিরভাগ সময়েই র্যাংকিংয়ে শুরুর দিকে ছিলেন তিনি। বর্তমানে টেস্ট র্যাংকিংয়ের ছয়ে আছেন এই ব্যাটসম্যান।











































