Home খেলাধুলা বাংলাদেশের ভুটান পরীক্ষা, সেমিতে যেতে যে সমীকরণ

বাংলাদেশের ভুটান পরীক্ষা, সেমিতে যেতে যে সমীকরণ

16

স্পোর্টস ডেস্ক।।

বিগত ১৪ বছরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এবার অপেক্ষার পালা শেষ করার দারুণ সুযোগ লাল-সবুজ জার্সিধারীদের সামনে। ব্যাঙ্গালুরুর শ্রী কান্তারাভা স্টেডিয়ামে আজ বুধবার রাত আটটায় অপেক্ষাকৃত দুর্বল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। দলটিকে হারাতে পারলে আর লেবাননের বিপক্ষে মালদ্বীপ বড় ব্যবধানে না জিতলে সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘বি’র চার দল হচ্ছে লেবানন, বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটান। এরই মধ্যে প্রত্যেকটি দল দুইটি করে ম্যাচ খেলে ফেলেছে। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশের আগে আজ বিকেল চারটায় মুখোমুখি হবে মালদ্বীপ ও ভুটান।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে লেবানন। বাংলাদেশকে ২-০ গোলে হারানোর পর ভুটানকে তারা হারিয়েছে ৪-১ গোলে। প্রথম ম্যাচে লেবাননের কাছে হারের পর মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশে। ওই জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে হারলেও ভুটানকে ২-০ গোলে হারিয়েছে মালদ্বীপ। বাংলাদেশের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় তিনে আছে তারা। আর এখনো কোনো জয় না পাওয়া ভুটান আছে প্রথম পয়েন্টের অপেক্ষায়।

গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে ওঠার সুযোগ আছে চার দলেরই। বিকেলের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করলেই সেমিতে উঠে যাবে লেবানন। হারলেও তাদের সামনে সুযোগ থাকবে। সেক্ষেত্রে ভুটানের সঙ্গে ড্র কিংবা হারতে হবে বাংলাদেশকে। আর লেবানন-মালদ্বীপ ম্যাচ ড্র হলে মালদ্বীপের পয়েন্ট হবে ৪। ভুটানের সঙ্গে ড্র করলে বাংলাদেশেরও পয়েন্ট হবে ৪। তবে মুখোমুখি দেখায় এগিয়ে থাকায় সেমিতে খেলবে বাংলাদেশ। ভুটানের সম্ভাবনা একদম ক্ষীণ। লেবাননের কাছে মালদ্বীপ হারলে আর বাংলাদেশের বিপক্ষে দলটি যদি বড় ব্যবধানে জিতে তখনই সেমিতে খেলার সুযোগ পাবে দলটি। লেবাননের কাছে মালদ্বীপ হারার পর ভুটানের কাছে বাংলাদেশ হারলেও দলটির সুযোগ থাকবে সেমিতে ওঠার। তখন তিন দলেরই সমান ৩ পয়েন্ট করে হবে। তখন দেখা হবে গোল ব্যবধান।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের অতীত ইতিহাস বেশ সুখকর। যদিও বর্তমান ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২ আর ভুটানের ১৮৫। বিগত ১৩ বারের লড়াইয়ে বাংলাদেশ ১০ ম্যাচে ভুটানকে হারিয়েছে। ২ ম্যাচে ড্রয়ের সঙ্গে ভুটানের জয় একটিতে।