স্পোর্টস ডেস্ক।।
আগামী ৫ অক্টোবর শুরু ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। অর্থাৎ এখনো তিন মাসের বেশি সময় বাকি। এরই মধ্যে নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের আহমেদাবাদে হোটেলের ভাড়া যেন আকাশ ছুঁয়েছে। সাধারণ সময়ে বিলাসবহুল হোটেলের একটি রুমের ভাড়া থাকে সাড়ে ৬ হাজার থেকে সাড়ে ১০ হাজার রুপির মধ্যে। অথচ, এখন সেই ভাড়া ছুঁয়েছে ৫০ হাজার রুপি।
এবারের বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আছে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ। ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আসরটি। এছাড়া ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা দ্বৈরথ ভারত-পাকিস্তানের ম্যাচও অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবেও নির্ধারিত হয়েছে ১ লক্ষ ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি। তাই সমর্থকদের উত্তেজনা এই শহর ঘিরে একটু বেশিই। এরই মধ্যে হোটেল রুমের খোঁজ করতে শুরু করে দিয়েছেন সমর্থকরা। তবে চাহিদার তুলনায় রুম কম থাকায় হোটেলের ভাড়া বাড়ছে দ্রুতগতিতে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সমর্থকরা এরই মধ্যে হোটেল রুমের খোঁজ শুরু করে দিয়েছে। প্রতিটি রুমের ভাড়া দিনপ্রতি ৫০০ পাউন্ড বা ৫২ হাজার রুপির মতো। এর চেয়েও বিলাসবহুল রুমের ভাড়া এক লক্ষ টাকাও ছাড়িয়েছে।
এবারই প্রথম সম্পূর্ণ এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। দেশটির ১০টি ভেন্যুতে আয়োজিত হবে ম্যাচ। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের।











































