Home খেলাধুলা কোভাচিচ, গার্দিওলার ‘নতুন গুনদোয়ান’

কোভাচিচ, গার্দিওলার ‘নতুন গুনদোয়ান’

12

স্পোর্টস ডেস্ক।।

ম্যানচেস্টার সিটির হয়ে ‘ট্রেবল’ জেতার পরের মৌসুমেই বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন ইলকায় গুনদোয়ান। আগামী মৌসুমে এই জার্মান মিডফিল্ডারকে পাচ্ছেন না সিটি কোচ পেপ গার্দিওলা। তবে মাঝমাঠে গুনদোয়ানের বিকল্প নিয়ে এসেছেন। চেলসি থেকে চার মৌসুমের জন্য সই করিয়েছেন মাতেও কোভাচিচকে।

২০২৭ সাল পর্যন্ত ৪০ মিলিয়ন ইউরোতে ইংলিশ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটির সঙ্গে থাকবেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। মৌসুমে এখনো পর্যন্ত এটিই সিটির একমাত্র খেলোয়াড় টানার ঘটনা। এক বিবৃতিতে সিটি কোভাচিচকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে।

২০২১ সালে চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিলেন কোভাচিচ। তবে অধিনায়ক হিসেবে সিটিকে ‘ট্রেবল’ জেতানো গুনদোয়ানের শূন্যস্থান পূরণ করাটা বেশ কষ্টসাধ্যই হবে কোভাচিচের জন্য। সাত বছর পর ইত্তিহাদ ছেড়েছেন গুনদোয়ান আর ৫ বছর পর স্টামফোর্ড ব্রিজ ছেড়েছেন কোভাচিচ। ২০১৯ সালে রিয়াল মাদ্রিদ থেকে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে কোভাচিচকে দলে ভেড়ায় চেলসি। গুনদোয়ানের তুলনায় কোভাচিচের ম্যাচ খেলা কিংবা গোলের পরিমাণ কম। তবে বল নিয়ে সারামাঠ দৌঁড়ানো এবং নিজের পায়ে বল রেখে খেলার নিয়ন্ত্রণ নিজের দলের পক্ষে রাখায় বিশেষ দক্ষতা আছে তার। প্রতিবেদন এএস স্পোর্টসের।

গত মৌসুমে লিগ টেবিলের ১২ নম্বর স্থানে থাকা চেলসিতে চলছে সংস্কার। মউরিসিও পচেত্তিনো আসার পর যার অন্যতম প্রধান বলি হতে হলো কোভাচিচকে। চেলসির হয়ে ২০২২-২৩ মৌসুমে ৩৭ ম্যাচের মধ্যে মাত্র ২৭ ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই ক্রোয়েশিয়ান। ২০১৯ সালে চেলসিতে আসার যোগ দেওয়ার পর মৌসুমে এত কম ম্যাচ খেলেননি কোভাচিচ। তাই, বেশ আগে থেকেই ক্লাব বদলের ব্যাপারে আগ্রহ দেখিয়ে আসছিলেন এই মিডফিল্ডার।