স্টাফ রিপোর্টার।।
খুলনার পাইকগাছায় ঈদ উপলক্ষে ১০ কেজি চালের স্লিপ পেলেও চাল না-পেয়ে হতদরিদ্ররা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন তারা।এ সময় বিক্ষুদ্ধ নারী পুরুষ ‘চাল চাই, চাল দাও’ বলে স্লোগান দেন।
চালবঞ্চিত স্থানীয় মটবাটী গ্রামের ঝাড়ু বিক্রেতা মো. জয়নাল বলেন, ‘আমরা গরিব মানুষ, প্রধানমন্ত্রী আমাদের চাল দেছে, সেই চাল ওরা মেরে দেছে।’
মেলেক পুরাইকাটীর আইজউদ্দীন বলেন, ‘গুদাম থেকে অনেক চাল বিক্রি করা হয়েছে।’
গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নির্মলচন্দ্র অধিকারী বলেন, স্লিপ দিয়ে চাল না দেয়াটা অন্যায় হয়েছে। আমি চাই এটা দ্রুত দেয়া হোক এবং এর সঙ্গে জড়িতদের তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক।
ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, ইউনিয়নের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া বর্তমানে হজ করতে গেছেন। যে কারণে ইউনিয়নের ১ হাজার ৮২৭ জনকে স্লিপ দেই। মাথাপিছু ১০ কেজি হিসেবে ১৮ টন ২৩১ কেজি চাল বিতরণের কথা ছিল। সকাল থেকেই চাল বিতরণ শুরু হয়। তবে সন্ধ্যা হওয়ায় ১৮ জনের ৬ বস্তা চাল রয়ে গেছে। যা বুধবার বিতরণ করা হবে।
যা পেয়েছি সব বিতরণ করেছি। কোন অনিয়ম করা হয়নি বলে দাবি করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, চাল বিতরণে অনিয়মের অভিযোগ তিনি পেয়েছেন। এ বিষয়ে ঈদের পরে তদন্ত কমিটি করে দেখা হবে।











































