Home আঞ্চলিক আষাঢ়ের বর্ষণে নিমজ্জিত খুলনা, গাছ পড়ে খুলনা-যশোর মহাসড়ক বন্ধ

আষাঢ়ের বর্ষণে নিমজ্জিত খুলনা, গাছ পড়ে খুলনা-যশোর মহাসড়ক বন্ধ

34

স্টাফ রিপোর্টার।।

ভরা বর্ষার মৌসুম। সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের কারণে ভারী থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। বিশেষ করে পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতা উভয়েই বিপাকে পড়েছেন। বিক্রিও কমে এসেছে অনেকাংশে।

এ দিকে, গাছ উপড়ে পড়ায় খুলনা-যশোর মহাসড়কের নুরনগর এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৮ জুন) ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে নগরীর রুপসা, লবণচরা, বড় খালপাড়, জিন্নাপাড়া, পিটিআই, শান্তিধাম ও মডার্ন ফার্নিচার মোড়, বাইতিপাড়া এবং খালিশপুর ও দৌলতপুর আঞ্জুমান রোড, খান রোড, ঋষি পাড়া মোড়, শেরে বাংলা স্কুল রোড, দত্তবাড়ি রোড, পাবলা কেশব লাল রোডসহ একাধিক রাস্তাঘাট তলিয়ে গেছে।


আগামীকাল ঈদুল আজহা হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বাজার ঘাটসহ প্রয়োজনীয় কাজে বের হওয়ার ইচ্ছা থাকলেও অনেকে বের হতে পারছেন না।

ব্যবসায়ী সাগর জানান, রাত পোহালে ঈদ। এ সময় এমন বৃষ্টিতে চরম দুর্ভোগ নেমে এসেছে। ঘরবন্দী হয়ে পড়েছি। এখন কেনাবেচার সময়। এর প্রভাব পড়ছে ব্যবসায়ীদের ওপর।

রিকশাচালক পলাশ জানান, ভারী বৃষ্টি অপেক্ষা করে রাস্তায় নেমেছি। জ্বর হওয়ার ভয় আছে। তবুও পরিবারের রোজগার মেটানোর জন্য রাস্তায় নেমেছি।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ জানান, নিম্নচাপের কারণে এমন বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে, নগরীর নুরনগর এলাকায় খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে একটি গাছ উপড়ে পড়ায় খুলনা-যশোর মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে গাছটি সরাতে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।