Home আঞ্চলিক খুলনার এক হাটেই ৩২ কোটি টাকার কুরবানির পশু বিক্রি

খুলনার এক হাটেই ৩২ কোটি টাকার কুরবানির পশু বিক্রি

38

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীর জোড়াগেট এলাকার কুরবানির পশুর হাটে এ পর্যন্ত প্রায় ৩২ কোটি টাকা মূল্যের গরু-ছাগল ও ভেড়া বিক্রি হয়েছে। এই বেচাকেনা চলবে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের নামাজের আগ পর্যন্ত। তবে বুধবার (২৮ জুন) শেষ দিনে টানা ভারী বৃষ্টিতে বিপাকে পড়েন ক্রেতা-বিক্রেতারা।

খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় গত ২২ জুন নগরীর জোড়াগেট এলাকায় কুরবানির পশুর হাট শুরু হয়। বুধবার বেলা সাড়ে ৩টায় হাটের কন্ট্রোল রুম থেকে জানা গেছে, এ পর্যন্ত ৩ হাজার গরু, ৯৫৬টি ছাগল ও ৪টি ভেড়া বিক্রি হয়েছে। যার মূল্য ৩১ কোটি ৯৫ লাখ ২ হাজার ৫০ টাকা। এ থেকে সিটি করপোরেশনের রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৮৭৭ টাকা।

এদিকে গত বছর এই হাটে কুরবানির পশু বিক্রি হয়েছিল প্রায় ৪৫ কোটি টাকার। গতবারের তুলনায় এখনও বিক্রি কম। হাট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কাউন্সিলর মো. আমিনুল ইসলাম মুন্না বলেন, বুধবার সারারাত আরও অনেক গরু-ছাগল বিক্রি হবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের অপর একজন কাউন্সিলর ও দুইজন কর্মকর্তা বলেন, এবার গরু-ছাগলের দাম চড়া। তাছাড়া গত এক বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। কিন্তু সেই অনুপাতে মানুষের আয় বাড়েনি। সে কারণে হয়তো গত বছর যারা কুরবানি করেছিলেন তাদের সবাই এবার কুরবানি দিতে পারছেন না। সেজন্য গতবারের তুলনায় বিক্রি কম।

এদিকে বুধবার সকাল ১০টা থেকে খুলনায় শুরু হয় টানা ভারী বৃষ্টি। বৃষ্টিতে হাটের কয়েকটি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টিতে ভিজে যাওয়ায় এবং নিচে পানি জমে থাকায় কিছু সংখ্যক গরু সামান্য অসুস্থ হয়ে পড়ে। বৃষ্টির কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাট ছিল প্রায় ক্রেতা শূন্য। পরে ছাতা ও রেইনকোট নিয়ে লোকজন হাটে আসতে শুরু করে। বৃষ্টিতে ভিজে যান গরু বিক্রেতা ও ব্যাপারীরা।

খুলনা সিটি করপোরেশনের ভেটেরিনারি সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাস জানান, যে জায়গাগুলোতে পানি জমে যায় সেখান থেকে বিক্রেতাদেরকে গরু অন্যত্র সরিয়ে নিতে বলা হয়। এছাড়া গরুর গা মুছে দেয়ার জন্য মাইকিং করা হয়।

অন্যদিকে বৃষ্টিতে ক্রেতা কমে যাওয়ায় গরুর দাম কিছুটা কমে যায়। শেষ সময়ে হাটে বড় গরুর সরবরাহ বেশি, কিন্তু বেশিরভাগ ক্রেতার চাহিদা ছোট ও মাঝারি সাইজের গরু। তবে ছোট ও মাঝারি সাইজের গরু যে নেই তা নয়।

নগরীর ময়লাপোতা এলাকা থেকে গরু কিনতে আসা মিজানুর রহমান বলেন, সকালে হাটে আসতে চেয়েছিলাম। কিন্তু ভারী বৃষ্টি ও নগরীর সড়কগুলোতে জলাবদ্ধতার কারণে আসতে পারিনি। এখন ছাতা নিয়ে আসলাম। গতকালের তুলনায় আজ গরুর দাম কিছুটা কম।