Home জাতীয় অবিলম্বে আলেমদের মুক্তি দিন : হেফাজত আমির

অবিলম্বে আলেমদের মুক্তি দিন : হেফাজত আমির

18

ঢাকা অফিস।।

কারাবন্দি আলেমদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মঙ্গলবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারির সই করা বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে মিথ্যা মামলায় আমাদের নেতারা কারাগারে বন্দি আছেন। খুব সাধারণ মামলায় তাদেরকে দীর্ঘ সময় অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে। আদালত থেকে জামিন পাওয়ার পরও তাদের মুক্তির পথ রুদ্ধ করা হচ্ছে। এ জন্য কখনও জামিন স্থগিত করা হচ্ছে, কখনও নতুন মামলায় অ্যারেস্ট দেখানো হচ্ছে। কখনও জেল গেট থেকে নতুন মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।

বিবৃতিতে তিনি বলেন, মুফতি মুনির হুসাইন কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি নূর হুসাইন নূরানী, মুফতি মাহমুদুল হাসান গুনবীসহ সব আলেমদের জামিন পাওয়া সাংবিধানিক অধিকার। তাদের মুক্তির পথ রুদ্ধ করার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মুফতি মুনির হুসাইন কাসেমীর জামিন স্থগিত এবং মুফতি নূর হুসাইন নূরানীর জামিনের পর আরেকটি মামলায় নতুনভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে হেফাজত আমির বলেন, ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। ঈদুল আজহায় আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। এবারের ঈদুল আজহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।