Home আঞ্চলিক হাট কাঁপাবে ৫৫ মণের ‘সম্রাট’ ও ৪৫ মণের ‘ট্রাম্প’

হাট কাঁপাবে ৫৫ মণের ‘সম্রাট’ ও ৪৫ মণের ‘ট্রাম্প’

32

স্টাফ রিপোর্টার।।

পাঁচ বছর বয়সের বিশালাকৃতির একটি গরু। সুইজারল্যান্ডের রাণীশংকর জাতের গরুটির ওজন প্রায় ৫৫ মণ। মালিক এর নাম দিয়েছেন ‘সম্রাট’। এ ছাড়া একই বয়সের আরেকটি গরু, যার ওজন ৪৫ মণ। ভারতের রাজস্থানী এই গরুটির নাম ‘ট্রাম্প’। খুলনা মহানগরীর দৌলতপুর পাবলা মোল্লার মোড়ে মধুমতি ডেইরি ফার্মে রয়েছে সম্রাট ও ট্রাম্প। ডেইরি ফার্ম হলেও দুধ উৎপাদনের পাশাপাশি কোরবানির গরু মোটাতাজা করা হয় ফার্মটিতে।

ফার্মের মালিক শামীম শেখ জানান, সম্রাটের দাম চাওয়া হচ্ছে ১৮ লাখ টাকা এবং ট্রাম্পের দাম চাওয়া হচ্ছে ১৬ লাখ টাকা। এ ছাড়া তার ফার্মে বড় সাইজের আরও ৮টি গরু আছে। শুক্রবার ট্রাকে করে এই ৮টি গরুই চট্টগ্রামের হাটে নিয়ে যাওয়া হবে।

তিনি জানান, তার ফার্মের ৭৫টি গরুর মধ্যে ১৫টি কুরবানির ষাঁড় এবং বাকিগুলো দুধ দেয়া গরু। সম্রাট-ট্রাম্প ছাড়াও ১৫টি গরুর কোনোটি গরু ৮০০ কেজি, ৯০০ কেজি, ১২০০ কেজি ওজন রয়েছে। খোঁজ নিয়ে জানতে পেরেছেন বড় গরু চট্টগ্রামে বেশি চলে (বিক্রি হয়)। এ জন্য গরুগুলো চট্টগ্রামে হাটে নিয়ে যাবেন।

এ রকম নাম রাখার কারণ সম্পর্কে তিনি বলেন, সহজে গরুগুলো চেনা, হিসাব রাখা এবং ভালো লাগা থেকেই এ ধরণের নাম রাখা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাদা, লালচে আর বাদামী রংয়ের মিশ্রণের ‘সম্রাট’ বেশ মোটাতাজা। আর ট্রাম্প কালো রংয়ের। দুটি ষাঁড়ই শান্ত স্বভাবের। উৎসুক লোকজন গরু দেখতে ফার্মে আসে। সম্রাট আর ট্রাম্প এবারের কুরবানির পশুর হাট মাতাবে বলে মন্তব্য করেছেন ফার্মের কর্মচারীরা।

ফার্মের কর্মচারীরা জানান, ৫ বছর আগে এই খামারের শুরুতে ১৪টি গরু আনা হয়েছিল। এখন ৪ প্রজাতির (রাণীশংকর, ফ্রিজিয়ান, ভারতীয় ও দেশি) ৭৫টি গরু রয়েছে খামারে। এই সময়ের মধ্যে বেশ কিছু গরু বিক্রি করা হয়েছে। এটি দুগ্ধ খামার। এখানে এবার কোরবানি ঈদের জন্য ১৫টি গরু প্রস্তুত করা হয়েছে। এসব গরুর নামও রাখা হয়েছে। এর মধ্যে ৮টি বড় গরু হচ্ছে সম্রাট, ডন, টাইটানিক, ট্রাম্প, জেমস, মাফিয়া ডন, নবাব ও বাদশা। তবে আকার-আকৃতি, গঠন, রং, স্বভাব, চেহারা সবদিক থেকে আকর্ষণীয় হচ্ছে সম্রাট। যে কারোরই পছন্দ হবে। গত ঈদে সম্রাটকে রাজধানীর গাবতলী হাটে নেয়া হয়েছিল। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি। এবার আশা করছেন হাটে নেয়ার পরই বিক্রি হবে। ট্রাম্পও ভালো দামে বিক্রি হবে।

ফার্মের কর্মচারী মো. হুমায়ুন গাজী জানান, ফার্মে কুরবানির জন্য বড় সাইজের ১৫টি গরু রয়েছে। এ রকম বড় ফার্ম খুলনা শহরের আর কোথাও নেই।

তিনি জানান, গরুগুলোকে সাধারণ খাবার যেমন-সয়াবিনের খৈল, মুগ ভুষি, গমের ভুষি, ভুট্টার আটা, কুড়ো, বিচালি ও নিজেদের ফার্মে উৎপাদিত কাচা ঘাস খাওয়ানো হয়। গরুগুলোর পেছনে রাত-দিন পরিশ্রম করতে হয়। সম্রাট খুবই আদরের। সম্রাট চলে গেলে সবাই কাঁদবে।

ফার্মে ঘুরতে আশা ফরিদুজ্জামান বাবু বলেন, অনলাইনে বড় বড় গরু দেখি। জানতে পেরেছি ফার্মে বড় সাইজের গরু রয়েছে। এটা দেখার জন্য এখানে এসেছি। ডনসহ বিভিন্ন নামের বড় বড় গরু আছে। শহরের মধ্যে এতো সুন্দর একটি ফার্ম হতে পারে তা না দেখলে বুঝতাম না।

এদিকে খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামে ৩৫ মণ ওজনের ‘বড় দাদু’ এর দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। গরুটির মালিক মো. মাহবুব জানান, ফ্রিজিয়ান জাতের এই গরুটির বয়স এখন ৪ বছর। এক বছর আগে গরুটি কিনে পরম যত্নে লালন-পালন শুরু করি। ইতোমধ্যে একজন ক্রেতা ১২ লাখ টাকা দাম বলেছে। আগামী শনিবার পর্যন্ত দেখবো, বিক্রি না হলে রাজধানীর হাটে নিয়ে যাবো।

তিনি জানান, ‘বড় দাদু’ ছাড়াও আমার আরেকটি গরু আছে। যার নাম ‘ছোট দাদু’। দাম চেয়েছি ১০ লাখ টাকা। এর ওজন ১২শ’ কেজি হবে। এটার বয়সও চার বছর।

খুলনায় এ বছর ৮৯ হাজার ৮৬৭টি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে। খামারি ও ব্যক্তি পর্যায়ে প্রস্তুত করা হয়েছে ৯২ হাজার ৩৭৫টি। ফলে কুরবানির পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এস এম আইয়ুব আলী।