Home আঞ্চলিক সিরিজদিয়া ইকোপার্ক ঘিরে নতুন স্বপ্ন দেখছে মাগুরাবাসী

সিরিজদিয়া ইকোপার্ক ঘিরে নতুন স্বপ্ন দেখছে মাগুরাবাসী

21

মাগুরা প্রতিনিধি।।

মাগুরার সিরিজদিয়ায় সুবিশাল জলাধারকে ঘিরে গড়ে ওঠা পার্কটি এখন পর্যন্ত মাগুরার মানুষের একমাত্র বিনোদন কেন্দ্র। ১১৫ একর জমির উপর নির্মণাধীন এ পার্কটির প্রাথমিক নির্মাণ কাজ সম্পন্ন হলেও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যময় জলাশয় সিরিজদিয়া বাওরে নির্মাণাধীন ইকোপার্ককে ঘিরে নতুন স্বপ্ন দেখছে মাগুরাবাসী।

মাগুরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহর থেকে মাত্র ৮ কি.মি. দূরে সরকারী শতাধিক একর জলাশয়কে ঘিরে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এ বিনোদন কেন্দ্রটিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়ভাবে তৈরি করার কাজ চলমান রয়েছে। সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের সিরিজদিয়া গ্রামে সরকরি ১৫ একর জমি ও ১০০ একর জলাশয়সহ ১১৫ একর জমির উপর ইকোপার্ক নির্মাণে প্রাথমিক কাজ শুরু হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ লক্ষ্য ইতোমধ্যে বাঁওড়ের পাশ দিয়ে রাস্তা নির্মাণ, রাস্তার পাশে বৃক্ষরোপণ, বিদ্যুত ব্যবস্থা, কটেজ নির্মাণ, বিনোদনের জন্য বাঁওড়ে নৌচলাচলের ব্যবস্থা এবং পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। বাওড়ে অসংখ্য রঙিন বোট রাখা হয়েছে পর্যটকদের জন্য। প্রতিদিন অসংখ্য ভ্রমণ পিপাসু ভিড় জমাচ্ছেন এখানে।

মাগুরা শহরের কলেজ পাড়া এলাকার শিক্ষিকা সাজেদা ইয়াসমীন বলেন, দীর্ঘদিন যাবত আমরা এরকম একটা বিনোদন কেন্দ্র চেয়েছিলাম। এখন পর্যন্ত মাগুরায় এমন কোন বিনোদন কেন্দ্র নির্মিত হয়নি যেখানে পরিবার নিয়ে আমরা ঘুরতে যেতে পারি। এই চমৎকার বাওড় দেখতে দীর্ঘদিন ধরে মানুষ ভিড় করছে। কিন্তু একটি ভ্রমণ কেন্দ্রের যা কিছু প্রয়োজন তা এখানে নেই। আশা করি সব সস্যার সমাধান হলে এটি হবে মাগুরাবাসীর স্বপ্নের পার্ক।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র তাওহিদ বলেন, এটি একটি প্রকৃতিক সৌন্দর্য মন্ডিত জলাশয়। অনেক আগে থেকেই আমরা এখানে ঘুরতে আসি। জেলা প্রশাসন এটি ইকো পার্ক হিসেবে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে যা একটি যথাযথ উদ্যোগ। আশা
করছি এটি দেশের অন্যতম ইকোপার্কে পরিণত হবে।

সিরিজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ এলাহী বলেন, সিরিজদিয়া
অঞ্চলটি বরাবরই আবহেলিত। এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা মোটেও স্বচ্ছল নয়। এতদিন শুধু বাওরে মাছ চাষ করা হয়েছে। এখন এখানে ইকোপার্ক তৈরি হচ্ছে জেনে আমরা নতুন স্বপ্ন দেখছি। এটি
সম্পূর্ণ হলে এলাকার জীবন যাত্রা পাল্টে যাবে।

 

মাগুরার কৃষি ও প্রকৃতি বিষয়ক বেসরকারি সংস্থা পল্লী প্রকৃতির নির্বাহী পরিচালক শফিকুর রহমান
বলেন, সিরিজদিয়া বাওর মাগুরার একটি প্রাকৃতিক সম্পদ। এখন পর্যন্ত পার্ক নির্মাণের জন্য যে
কাজগুলো করা হচ্ছে তা ইতিবাচক। কিন্তু ইকোপার্কের বৈশিষ্ঠ যেন বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে
হবে। বাণিজ্যিকভাবে নেয়া হলে প্রকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হতে পারে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য
সাইফুজ্জামান শিখর এর প্রত্যক্ষ উদ্যোগে অবহেলিত এই বাওড়টিকে একটি ইকো পার্কে পরিণত করার জন্য আমরা নানা প্রকল্প হাতে নিযেছি। সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের সিরিজদিয়া বাঁওড় এলাকার ইকোপার্ক ও রিসোর্ট সারাদেশের মানুষের কাছে পর্যটন কেন্দ্র সুখ্যাতি পাবে। সেভাবেই সাজানো হচ্ছে এটিকে।গোটা কাজ সম্পন্ন হলে এটি হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন ও বিনোদন কেন্দ্র।