মো: তাহের, নড়াইল প্রতিনিধি।।
গাছে গাছে পেরেক ঠুকে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ নানা ধরনের বিজ্ঞাপন। সড়কের পাশে বেড়ে উঠা গাছগুলো মানুষের অকৃত্রিম বন্ধু হলেও অসচেতনতায় চরম নিষ্ঠুরতার শিকার হচ্ছে। এভাবে গাছে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর ঘটনা দিন দিন বাড়ছে। দেশে বিজ্ঞাপন প্রচারের বড় একটি মাধ্যম হয়ে উঠেছে বৃক্ষ। বৃক্ষের দিকে তাকালে খুঁজে পাওয়া যায় ঠিকানা। কোচিং সেন্টার,বিভিন্ন ক্লিনিকের প্রচার, হোমিওপ্যাথির দোকান, বিশেষ দিবসের শুভেচ্ছা, ঈদ, নববর্ষের শুভেচ্ছাও। গাছে গাছে পেরেক ঠুকে লাগানো হয় হরেক রকমের চটকদার বিজ্ঞাপন। গাছগুলো যেন একেকটা জীবন্ত বিজ্ঞাপন বোর্ড। ২০০২ সালের ৭ জুলাই জাতীয় সংসদে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন সাঁটানোর ব্যাপারে একটি আইন পাস হয়। আইনটি এখনও কাগজে-কলমেই সীমাবদ্ধ। আইনটির যথাযথ প্রয়োগ না হওয়ার ফলে ক্রমশই বাড়ছে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন বোর্ড লাগানো। মহা-সড়কসহ প্রতিটি সড়কের দু’পাশের শত শত গাছের এখন বেহাল দশা। এ গাছগুলো এখন প্রচারমূলক কাজের মাধ্যম হয়ে দাড়িয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। বিভিন্ন ব্যক্তির প্রচারমূলক ব্যানার, ফেস্টুন, কোচিং সেন্টার ও প্রাইভেট স্কুলে ছাত্রভর্তি, চিকিৎসা সেবা, হারবাল ওষুধ বিক্রি, টু-লেটসহ নানা ধরণের প্রচার-প্রচারণার ক্ষেত্র জেলার এই দৃষ্টিনন্দন এই গাছগুলো।

এ ঘটনা দিন দিন বাড়ছে। নড়াইল জেলা জুড়ে বিভিন্ন সড়কগুলোতে গাছের মধ্যে লাগানো বিজ্ঞাপন বোর্ডে সয়লাব। শুধু গাছ নয় বিজ্ঞাপনের হাত থেকে রক্ষা পাচ্ছে না সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরও। এতে করে পরিবেশের সৌন্দর্য্য নষ্ট হবার পাশাপাশি পরিবেশের ভারসাম্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। সরেজমিনে বেশ কিছু স্থান ঘুরে দেখা গেছে বিভিন্ন গাছে পেরেক ঢুকিয়ে টাঙানো হয়েছে পোস্টার ফেস্টুন দেখে বোঝার উপায় নেই গাছ নাকি বিজ্ঞাপন বিলবোর্ড। লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে রকিবুলের দোকানের সামনে বট গাছটি বিজ্ঞাপনের ব্যানার,ফেস্টুনে প্রায় ঢেকে ফেলা হয়েছে। একই চিত্র কালিয়া উপজেলাতেও গাছে গাছে পেরেক দিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে বিজ্ঞাপনের ব্যানার। কলেজ ছাত্র রাজু শেখ বলেন, নির্বিচারে পেরেক লাগানোর কারণে গাছের গায়ে অসংখ্য ছিদ্র হচ্ছে। সেই ছিদ্র দিয়ে পানি ও বাতাস ঢোকে গাছে পচন ধরে। বহু গাছ মৃত্যুঝুঁকির মধ্যে রয়েছে। আমরা সকলেই সচেতন হয়ে একটি সুন্দর পরিবেশ রক্ষায় জাগ্রত হয়ে, গাছকে বাঁচতে দিবো। হাবিবুর রহমান নামে একজন বলেন, গাছ সবকিছু বিলিয়ে মানুষের উপকার করছে, পেরেক বিদ্ধ করে গাছকে আহত করা ঠিক না। যারা গাছে পেরেক লাগাতে বলে তাদের সবাইকেই সচেতন হতে হবে। গাছকে রক্ষায় আমাদের ও প্রশাসনের সুদৃষ্টি জরুরি। নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, রাস্তার পাশে মালিকানা এবং জেলা পরিষদের গাছ রয়েছে। যেহেতু গাছে পেরেক ঢুকিয়ে বিজ্ঞাপন বোর্ড লাগিয়ে গাছের ক্ষতি করা হচ্ছে বিষয়টি নিয়ে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।











































