স্পোর্টস ডেস্ক।।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ২০২৪ সালে দেশটির কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলোত্তি। বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা এই ইতালিয়ান কোচের মেয়াদ বাকি আছে আর এক বছর। চুক্তি নবায়নের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তার জন্য এক বছর ভারপ্রাপ্ত কোচ দিয়ে দায়িত্ব চালাতেও রাজি ব্রাজিল।
যেহেতু এক বছর পর আনচেলোত্তি দায়িত্ব ছেড়ে দিতে পারেন, এ কারণে এখন থেকেই পরবর্তী কোচ নিয়ে ভাবতে হবে রিয়ালকে। জার্মান সংবাদমাধ্যম স্পোর্ট বিল্ড এক প্রতিবেদনে জানায়, আনচেলোত্তির জায়গায় রিয়ালের পরবর্তী কোচ হবেন স্প্যানিশ কিংবদন্তি জাভি আলোনসো।
জাভি রিয়ালেরই কিংবদন্তী সাবেক ফুটবলার। এই ক্লাবের হয়ে শীর্ষ সারির সব শিরোপাই জিতেছেন তিনি। বর্তমান জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের প্রধান কোচের দায়িত্বে আছেন এই স্প্যানিশ ফুটবলার। এর আগে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের হয়ে তিন বছর কোচের দায়িত্ব পালন করেন।
কোচ হিসেবে প্রথম বছরেই নিজের সামর্থ্য দেখান জাভি। তার অধীনে লেভারকুসেন বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের ৬ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে। ইউরোপা লীগে তার শেষ চারে খেলেছে লেভারকুসেন।
কোচ হিসেবে খেলার ধরণ নিয়েও বেশ প্রশংসিত হয়েছেন জাভি। এমনকি ইউরোপা লীগে লেভারকুসেনকে হারানো ইতালিয়ান ক্লাব রোমার কোচ হোসে মরিনহোও প্রশংসা করেন এই স্প্যানিশের।
এর আগে ফরাসি ক্লাব পিএসজির পরবর্তী কোচ হিসেবেও জাভিরর নাম শোনা যাচ্ছিল। তবে আপাতত লেভারকুসেন ছাড়ার পরিকল্পনা নেই তার। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জাভি বলেন, ‘আমি অনেক বছর ধরে ফুটবলে আছি। গুজব এখানে সাধারণ ব্যাপার। তবে আমাদের অনেক কিছু জেতার আছে। আগামী মৌসুমে এখানে থাকার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।’
তবে স্পোর্ট বিল্ডের প্রতিবেদন অনুযায়ী। ২০২৪ সালের পর লেভারকুসেনে থাকবেন না জাভি। রিয়ালের কোচ হওয়ার সুযোগ কিছুতেই মিস করতে চান না তিনি। জাভি রিয়ালের ঘরের ছেলের মতোই। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন জাভি। স্প্যানিশ ক্লাবটির হয়ে একটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ, একটি সুপারকোপা ও দুটি কোপা দেল রের শিরোপা জিতেছেন তিনি।
ফলে তাকে কোচ হিসেবে নিয়ে বাড়তি সুবিধা পেতে চাইবে রিয়াল। ক্লাবটির অন্দরমহলের সবকিছুই তো জাভির হাতের তালুর মতো চেনা।











































