স্পোর্টস ডেস্ক।।
পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন লিওনেল মেসি। এরপরই শোনা যায়, বার্সেলোনা থেকে সদ্য বিদায় নেয়া সার্জিও বুসকেটসও যোগ দিতে পারেন মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটিতে। গুঞ্জন সত্যি করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি। পুরনো সতীর্থ এবং বন্ধু মেসির সঙ্গে বাঁধতে চলেছেন জুটি। খবরটি দিয়েছে স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো।
২০২২-২৩ মৌসুম শেষেই বার্সেলোনাকে বিদায় জানান সার্জিও বুসকেটস। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানায়, স্প্যানিশ মিডফিল্ডার চুক্তি নবায়ন করতে চেয়েছিলেন। তবে আর্থিক টানাপোড়েনে থাকা বার্সেলোনা আগ্রহ দেখায়নি। তাই নতুন গন্তব্য নিশ্চিত না করেই নীল-মেরুন অধ্যায়ের ইতি টানতে হয় বুসকেটসকে।
আগামী ৩০শে জুন বার্সেলোনার সঙ্গে সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হবে তার। মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, এরপরই আনুষ্ঠানিকভাবে ইন্টার মিয়ামির খেলোয়াড় হয়ে যাবেন বুসকেটস। মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়, বুসকেটসের সঙ্গে ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তি সময়ের ব্যাপার।
যেকোনো সময় স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে ইন্টার মিয়ামির চুক্তি হবে। দুই পক্ষই সমঝোতায় পৌঁছে গেছে। বুককেটসের সঙ্গে মিয়ামির চুক্তি হবে দুই মৌসুমের জন্য। মেসির চুক্তির ধরনও একই।
স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, লিওনেল মেসির সঙ্গে সার্জিও বুসকেটসকে ভেড়ানোরও চেষ্টা করেছিল সৌদি প্রো লীগের দল আল হিলাল এফসি। তবে বন্ধু মেসির সঙ্গে জুটি বাঁধার জন্য মোটা অঙ্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেন বুসকেটস।
বার্সেলোনার যুব একাডেমি থেকে লিওনেল মেসি এবং সার্জিও বুসকেটসের বন্ধুত্বের শুরু। মেসি ২০০০ সালে যোগ দেন বার্সেলোনায়। আর বার্সার যুব দলে বুসকেটস যোগ দেন ২০০৫ সালে। অর্থাৎ, মেসি ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার আগ পর্যন্ত আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে ১৬ বছর ড্রেসিংরুম শেয়ার করেছেন বুসকেটস। কাঁধে কাঁধ মিলিয়ে দুই সুপারস্টার বার্সেলোনার জন্য জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা।











































