স্পোর্টস ডেস্ক।।
ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্টের গত আসর ও চলতি আসর মিলিয়ে টানা ১৪ ম্যাচ হেরেছিল মিডলসেক্স। আসরে টানা এত ম্যাচ হারের নজির নেই কোনো দলের। আর তাদের সর্বশেষ ম্যাচের অর্ধেকটা শেষে মিডলসেক্সের আরেকটি হার দেখতে পাচ্ছিল দর্শকরা। কিন্তু তারকা খচিত দল সারের বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচ খেললো তারা। ২৫২ রান তাড়া করে জয় দিয়ে গড়লো রেকর্ড। বৃহস্পতিবার লন্ডন ডার্বিতে সারেকে স্বচ্ছন্দেই ৭ উইকেটে হারায় মিডলসেক্স। ২০০০০ স্বাগতিক সমর্থকে টাসা স্টেডিয়ামে তারা জয় পায় ৪ বল হাতে রেখেই। ভাইটালিটি ব্লাস্টে এটা সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।
ইংল্যান্ডের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে রান তাড়ায় আগের রেকর্ডও মিডলসেক্সেরই ছিল। ২০১৯ সালে তারা সমারসেটের বিপক্ষে জিতেছিল ২২৬ রান তাড়া করে। টি-টোয়েন্টি ক্রিকেটে সবমিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।
এর শীর্ষ রেকর্ডটি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের। চলতি বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৮ রান তাড়া করে এ রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে ৭ বল বাকি রেখে জয় পেয়েছিল প্রোটিয়ারা।
লন্ডনের ওভাল মাঠে ডার্বি ম্যাচের শুরুটা ছিল স্বাগতিক সারেরই। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৭৬ বলে ১৭৭ রান জমা করেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলে যাওয়া ইংলিশ ব্যাটার উইল জ্যাকস ও লরি ইভান্স। এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকানো জ্যাকস করেন ৪৫ বলে ৯৫ রান। আর ৩৭ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ইভান্স। মিডলসেক্সের রেকর্ড গড়া জয়ে অধিনায়ক এসকিনাজি ৩৯ বলে ৭৩ রান, ম্যাক্স হোল্ডেন ৩৫ বলে ৬৮ ও রায়ান হিগিংস করেন ২৪ বলে ৪৮ রান। বল হাতেও ২ উইকেট নেন হিগিংস।
মিডলসেক্স ও সারের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে উঠেছে ৫০৬ রান। এই সংস্করণে এর চেয়ে বেশি রান হয়েছে আর মাত্র দুটি ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মোট সংগ্রহ ছিল রেকর্ড ৫১৭ রান। ওই ম্যাচের সপ্তাহ দুয়েক আগে পাকিস্তান সুপার লীগে মুলতান সুলতান্স (২৬২) ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (২৫৩) মিলে করে ৫১৫ রান।











































