Home খেলাধুলা ভারতের অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত!

ভারতের অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত!

16

স্পোর্টস ডেস্ক।।
অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রোহিত শর্মা! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর থেকেই ভারতীয় গণমাধ্যমে এমন গুঞ্জন। খবর বলছে, হার্দিক পান্ডিয়াকে স্থায়ীভাবে টি-টোয়েন্টির নেতৃত্ব দিতে চাইছে বিসিসিআই।

পারফরমেন্স এবং অধিনায়কত্ব কিছুই হচ্ছে না ঠিকঠাক। তাতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কয়েক বছর আগে যারা ভারতের সব ফরম্যাটের নেতৃত্বে রোহিতকে চেয়েছিলেন তাদের কণ্ঠেই এখন ‘রোহিত হটাও’ স্লোগান।

২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ ও ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ কিংবা ২০২২ সালের এশিয়া কাপে অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছেন রোহিত। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও এখন আর কিছুই করতে পারছেন না তিনি। হিটম্যানের ম্যাজিক যেন শেষ!

এ বছরের ওয়ানডে বিশ্বকাপের বাকি ৪ মাসেরও কম। নিজেদের মাটিতে বিশ্বকাপের আগে কপালে চিন্তার ভাঁজ ভারতীয় বোর্ড কর্তাদের। যার প্রধান কারণ রোহিতের অফফর্ম। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবে হারের পর তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়ার পক্ষে বোর্ডের একাংশ।

তবে বিশ্বকাপের আগ মুহূর্তে অধিনায়ক বদলের মতো সিদ্ধান্তে নষ্ট হতে পারে ড্রেসিংরুমের পরিবেশ। তাই হয়তো এমন কঠিন সিদ্ধান্ত যাবে না বিসিসিআই। তবে গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, এই মুহূর্তে এক ফরম্যাটের ক্যাপ্টেন্সি হারাতে পারেন রোহিত। হার্দিক পান্ডিয়াকে স্থায়ীভাবে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দিতে চাইছে রজার বিনি-জয় শাহের বোর্ড।

বিশ্ব আসরের ফলাফলের ওপর নির্ভর করছে রোহিত শর্মার বাকি দুই ফরম্যাটের অধিনায়কত্বও। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো শিরোপা নেই টিম ইন্ডিয়ার ঝুলিতে। ১০ বছরের শিরোপা খরা ঘোচানোর মোক্ষম সুযোগ এবারের ওডিআই বিশ্বকাপে। আসরটা যে তাদের ঘরের মাঠে। হোম কন্ডিশনে মেগা ইভেন্টে চ্যাম্পিয়ন না হলে হয়তো ওয়ানডে ও টেস্টের নেতৃত্বও হারাবেন রোহিত।

আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫ দিনের ও ৫০ ওভারের ক্রিকেটে দলনেতা থাকছেন রোহিত শর্মা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুলাইয়ের প্রথম সপ্তাহে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে ভারত দল। এই মুহূর্তে লন্ডনে ছুটি কাটাচ্ছেন রোহিত। হয়তো মাথা থেকে আকাশসম চাপ সরিয়ে ফেলার চেষ্টা করছেন ভারতীয় কাপ্তান।