Home জাতীয় সেপ্টেম্বরে রেল আসছে কক্সবাজার, চালু হচ্ছে কর্ণফুলী টানেল

সেপ্টেম্বরে রেল আসছে কক্সবাজার, চালু হচ্ছে কর্ণফুলী টানেল

75

খুলনাঞ্চল রিপোর্ট।।
মেগা প্রকল্পে বদলে যাচ্ছে চট্টগ্রাম ও কক্সবাজার। সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এক উচ্চ কর্মকর্তা জানিয়েছেন, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী এবং কক্সবাজার হতে যাচ্ছে পর্যটন রাজধানী। এ বছরের সেপ্টেম্বরে চালু হবে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল আর দোহাজারী কক্সবাজার রেললাইন। এ দুটি প্রকল্পে দক্ষিণ চট্টগ্রাম আর কক্সবাজারের চিত্র বদলে যাবে।

সম্প্রতি সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছেন সেপ্টেম্বরে।

কর্ণফুলীর তলদেশে ১৮-৩১ মিটার গভীরে টানেলটি নির্মাণ করা হচ্ছে। মূল টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। চার লেন বিশিষ্ট দুটি টিউবের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। এছাড়া মূল টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং আনোয়ারা প্রান্তে ৭২৭ মিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার থাকবে।

এই টানেলের ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৩৭৪ দশমিক ৪২ কোটি টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক দিচ্ছে ২ শতাংশ সুদে ৫ হাজার ৯১০ দশমিক ১৯ কোটি টাকা। বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। এ পর্যন্ত কাজের অগ্রগতি ৯৮.৫ শতাংশ।

এই বঙ্গবন্ধু টানেল চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যে দূরত্ব কমিয়ে দিয়েছে ৪০ কিলোমিটার। ফলে ২ থেকে আড়াই ঘণ্টায় যাত্রী ও মালামাল পৌঁছাবে চট্টগ্রাম থেকে কক্সবাজারে। চলতি বছর সেপ্টেম্বরে স্বপ্নের ট্রেন আসছে কক্সবাজারে। এতে এখন থেকে খুশিতে আত্মহারা এ অঞ্চলের মানুষ।

জানা গেছে, কক্সবাজার-চট্টগ্রামে নতুন নগরায়ণ হচ্ছে ১০-১২টি। ফলে যান্ত্রিক জীবনের কোলাহলে বাড়বে ব্যস্ততা। এমনই অভিমত একাধিক নগর বিশেষজ্ঞের। এরই মধ্যে রেল প্রকল্পের কাজের অগ্রগতি ৮৯ শতাংশ। ট্রেন থামবে দেশের প্রথম বিশ্বমানের ঝিনুক আকৃতির আইকনিক কক্সবাজার রেলস্টেশনে। এরই মধ্যে শুরু হয়েছে রেল চলাচলের মহড়া।

উক্ত রেল চলাচলের মহড়া ও আইকনিক রেলস্টেশনের সৌন্দর্যবর্ধন কার্যক্রম দেখতে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম গত ১৬ মে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেল প্রকল্প পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে কক্সবাজার আইকনিক রেলস্টশন ভবনে গণমাধ্যমকর্মীদের বলেন, সারা দেশের মানুষ অনেক আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে, কখন রেলে করে কক্সবাজার আসা যায়। আগামী আগস্টের মধ্যে কাজ শেষ করে সেপ্টেম্বরে উদ্বোধনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

এ সময় প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান বলেন, এ প্রকল্পে এখন কোনো চ্যালেঞ্জ নেই। এখন শুধু ফিটিংয়ের কাজ চলছে।

এ সময় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. শহীদুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে এই মেগা প্রকল্পের কাজ শুরু হয়। ২৯ একর জমির ওপর ২১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৭ বর্গফুটের আইকনিক নান্দনিক রেলস্টেশন ভবন। আর রেলস্টেশন ভবনের পাশে নির্মাণ করা হয়েছে ২০টি পাঁচতলা ভবন।

এদিকে বহুল প্রত্যাশিত দোহাজারী-কক্সবাজার রেলপথ স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। গত ১২ মে পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি প্রায় ৮৯ শতাংশ ছাড়াল। কাজের অগ্রগতি সন্তোষকজনকভাবে এগিয়ে যাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের আগে সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকা থেকে স্বপ্নের ট্রেন কক্সবাজারে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারের আইকনিক রেলস্টেশন, ১০১ কিলোমিটার রেললাইন ও বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল নির্মাণ হলে এক অন্য কক্সবাজারকে দেখবে মানুষ। পাশাপাশি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, মাতারবাড়ি তাপভিত্তিক কয়লা বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর, মীরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিনড্রাইভ সড়ক এলএনজি টার্মিনাল, এক্সক্লুসিভ ট্যুরিস্টজোন ও অর্থনৈতিক অঞ্চলসমূহসহ সব মেগা প্রকল্প বাস্তবায়িত হলে কক্সবাজার হবে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।