Home আঞ্চলিক চা বিক্রি করেই ইউপি সদস্য

চা বিক্রি করেই ইউপি সদস্য

28

কুষ্টিয়া প্রতিনিধি।।
স্বামীর তেমন আয়-রোজগার নেই। ফলে জীবিকার তাগিদে নামতে হয়েছে জীবনযুদ্ধে। বাজারে অন্যের জমিতে খুপরি ঘরে শুরু করেন চা-পান বিক্রি। এ অবস্থায়ই তিনি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে দু’বার নির্বাচিত হয়েছেন। তবে ছাড়েননি চা-পান বিক্রি। এ আয় দিয়েই চলছে সংসারের খরচ। সংগ্রামী এ নারী জনপ্রতিনিধির নাম ফরিদা খাতুন (৩৭)।
কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ফরিদা। তাঁর বাড়ি বশোয়া গ্রামে। সেখানের বাজারেই তাঁর চায়ের দোকান। তাঁর ভাষ্য, সকালে পরিষদ ও ওয়ার্ডের বাসিন্দাদের জন্য কাজ করেন। বিকেলে চা-পান বিক্রি করে ৪০০-৫০০ টাকা আয় হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, চেয়ারম্যান-ইউপি সদস্যদের হঠাৎ করেই আঙুল ফুলে কলাগাছ হওয়ার নজির রয়েছে। তবে ফরিদা ভিন্ন। তাঁর সততার কারণে সাদামাটা জীবনে আসেনি পরিবর্তন। পরিষদের দায়িত্ব ও ব্যবসার ফাঁকে সময়ে পেলেই ছুটে যান মানুষের দ্বারে। চায়ের দোকানই তাঁর ব্যক্তিগত ও নির্বাচনী কার্যালয়। সেখানে সবাই কথা বলতে পারেন। সবার কাছেই বেশ জনপ্রিয় তিনি।

গত রোববার সরেজমিন দেখা যায়, বশোয়া বাজারে ঢুকতে প্রথম দোকানটিই ফরিদার। তিনি চা তৈরি করছিলেন। চা পান করার জন্য দোকানে বসার জায়গায় অপেক্ষা করছিলেন অনেকে। সেখানেই কথা হয় ফরিদার সঙ্গে। তিনি জানান, স্বামী-ছেলেসহ তাঁর তিন সদস্যের পরিবার। অভাবে পড়ে সাত-আট বছর আগে তিনি চা-পান বিক্রি শুরু করেন। মানুষও তাঁকে খুব ভালবাসে।

ইউপি সদস্য হয়েও চা বিক্রির কারণ জানতে চাইলে ফরিদা বলেন, সরকার ৩ হাজার ৬০০ টাকা ভাতা দেয়। এ টাকা যাওয়া-আসা ও মানুষের জন্য খরচ হয়ে যায়। অভাবে ছেলেকে প্রাইভেট পড়াতে পারেন না। সংসারের চাল, ডাল, তরকারি কেনার জন্য তিনি চা বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। দোকানে বসার কারণে মানুষ সহজেই সুখ-দুঃখের কথা জানাতে পারেন। তিনি শুনে ব্যবস্থা নেন। তবে সরকারি কোনো সাহায্য পান না।

একজন নির্বাচিত ইউপি সদস্য চা বিক্রি করে সংসার চালান, এমনটি কখনও দেখেননি বলে জানান স্থানীয় বাসিন্দা আলতাফ মোল্লা (৭০)। তাঁর ভাষ্য, ইউপি সদস্য ফরিদা ভালো মনের মানুষ। সারাদিন ঘুরে বিকেলে দোকান খোলেন। বশোয়া গ্রামের লিটন প্রামাণিক বলেন, দোকানে বসে তাঁর কাছে সহজে মানুষ সুবিধা-অসুবিধার কথা বলতে পারেন। তিনি সাধ্যমতো সাহযোগিতা করেন।

শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, ফরিদাসহ ইউনিয়নের তিনজন ইউপি সদস্যই দরিদ্র। পরিষদ থেকে তাঁদের সহযোগিতা করা হয়। ইউএনও রিপন বিশ্বাস বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও ফরিদা চা বিক্রি করে সংসার চালানোয় তিনি গর্বিত। তাঁকে সম্মান করেন। তাঁর জীবনমান উন্নয়নে সরকারি প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করা হবে।