Home খেলাধুলা দুয়ার খুলছে ক্যাসিনো-কাণ্ডে বন্ধ ক্লাবগুলোর

দুয়ার খুলছে ক্যাসিনো-কাণ্ডে বন্ধ ক্লাবগুলোর

16

স্পোর্টস ডেস্ক।।
২০১৯ সালে ক্যাসিনো-কাণ্ডে তালা ঝোলানো হয় ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, ফকিরেরপুল ইয়ংমেন্স, দিলকুশা, আরামবাগ ক্রীড়া সংঘে। প্রায় চার বছর তালাবদ্ধ থাকা এসব ক্লাবগুলো অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। গতকাল র‌্যাবের ডিজির সঙ্গে সভা করে ক্লাব খোলার কথা জানিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও দ্রুত একটি নীতিমালা করে ক্লাবগুলো খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১লা জুলাই খুলে দেয়া হবে ক্লাবগুলো।

ক্লাবগুলোতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক আব্দুল গাফ্ফার। সাবেক তারকা ফুটবলার গাফ্ফারের নেতৃত্বেই গতকাল র‌্যাবের ডিজির সঙ্গে বৈঠক করেন তালাবদ্ধ ক্লাবের কর্মকর্তারা। সেই বৈঠক শেষে আব্দুল গাফ্ফার বলেন ‘র‌্যাবের ডিজি মহোদয় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলোচনা করেছেন। এই ক্লাবগুলোর ওপর আদালতের কোনো নির্দেশনা বা পর্যবেক্ষণ না থাকলে ১লা জুলাই খুলে দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।’ আইনি বিষয়ের সম্পর্কে সাবেক এই ফুটবলার বলেন, ‘ক্লাবগুলোর মানিলন্ডারিং এবং ক্যাসিনো-বিরোধী অভিযানের সময় জব্দকৃত মালামাল সংক্রান্ত কোনো আইনি নির্দেশনা আছে কিনা তা দেখতে র‌্যাবের ডিজি মহোদয় দুইজন অফিসারকে দায়িত্ব দিয়েছেন। আইনগত কোনো জটিলতা না থাকলে ক্লাবগুলো অতিসত্বর খুলবে।’ তালা খোলার আগে ক্লাবগুলোর কিছু শর্ত মানতে হবে। সেই শর্ত মেনে একটি অঙ্গীকারনামা ২/১ দিনের মধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জমা দিতে হবে।

অঙ্গীকারনামা প্রসঙ্গে আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, ‘অপকর্মের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের কোনোভাবেই ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করা যাবে না।

রাত ১১টার পর খেলোয়াড়, কোচিং স্টাফ ছাড়া বহিরাগত কেউ ক্লাবে অবস্থান করতে পারবে না। এ রকম কিছু নির্দেশনা তারা আমাদের দিয়েছেন। পাশাপাশি আমরাও যদি কিছু প্রয়োজন মনে করি সেগুলো অন্তর্ভুক্ত করে সম্মিলিত স্বাক্ষর দিয়ে তাদের বরাবর দিতে বলা হয়েছে।’ ক্লাবগুলোতে বিগত সময়ে অপকর্ম হয়েছে রাজনৈতিক পরিচয় ও প্রভাবের মাধ্যমে। ভিক্টোরিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন রাজনীতির সঙ্গে জড়িত। তালা খোলার পর ক্লাবকে সকল কিছুর ঊর্ধ্বে রাখতে চান জানিয়ে তিনি বলেন ‘ক্লাবের অস্তিত্ব এবং আমাদের ইজ্জতের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা নীতিমালায় যে অঙ্গীকার করবো সেটাই বাস্তবায়ন করবো। এর কোনো ব্যত্যয় ঘটবে না।’ ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, ফকিরেরপুল ইয়ংমেন্স, দিলকুশা, আরামবাগ ক্রীড়া সংঘ গত চার বছর অনেক কষ্ট করে ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনা করেছে।

তালা খুলতে অন্তত ক্লাবগুলোর আবাসন সমস্যা দূর হবে। এ জন্য আব্দুল গাফ্ফার দুই মন্ত্রীকে কৃতিত্ব দিয়ে বলেন ‘স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অত্যন্ত ক্রীড়াপ্রেমী। তার জন্যই বিষয়টি অনেকটা সমাধানের পথে। ক্রীড়া প্রতিমন্ত্রীও এই বিষয়টি সবসময় তদারকিতে রেখেছেন। আমি মূলত সব পক্ষের সঙ্গে সমন্বয় করেছি।’ জাতীয় ক্রীড়া পরিষদের সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, দেরিতে হলেও ক্লাবগুলো খুলছে। এটা খুশির খবর। তবে ক্লাবগুলোকে মনে রাখতে হবে, যাতে কোনোভাবেই ক্যাসিনোর মতো অপরাধ সংঘটিত হতে না পারে।’ বিগত সময়গুলোতে দলীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রীড়াঙ্গনের নানা জটিলতায় উদ্যোগ গ্রহণ করতেন। বর্তমান যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এই সকল বিষয়ে তেমন সক্রিয় নন এবং ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা তার পরিবর্তে গাফ্ফারের শরণাপন্নই বেশি হন। তিনিও সাধ্যমতো উপকারের চেষ্টা করেন।