Home খেলাধুলা এবার বর্ণবাদের অভিযোগে বন্ধ হলো কাতার-নিউজিল্যান্ড ম্যাচ

এবার বর্ণবাদের অভিযোগে বন্ধ হলো কাতার-নিউজিল্যান্ড ম্যাচ

18

স্পোর্টস ডেস্ক।।

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবাদমুলক গালি দেওয়ার অভিযোগ এখনও টাটকা। এরপর পুরো বিশ্বেই বর্ণবাদের বিরুদ্ধে তোলপাড় হয়। বর্ণবাদের বিরুদ্ধে অভিযান হিসেবে ব্রাজিল ম্যাচও খেলেছে একটি। সেগুলো টাটকা থাকতেই এবার একই অভিযোগে পরিত্যক্ত হলো নিউজিল্যান্ড বনাম কাতারের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ।

গত সোমবার প্রিতী ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও কাতার। ম্যাচের প্রথমার্ধের শেষদিকে ঘটে বিতর্কিত ঘটনা। কাতারের এক ফুটবলার নিউজিল্যান্ডের এক ফুটবলার মাইকেল বক্সালকে বর্ণবাদমুলক গালি দেন। ১-০ গোলে এগিয়ে থাকা নিউজিল্যান্ড এই অভিযোগে বিরতির পর আর মাঠে নামেনি।

পরবর্তীতে টুইটারে নিউজিল্যান্ড ফুটবল জানায়, ‘কাতারি একজন খেলোয়াড় দ্বারা অভিজ্ঞ ডিফেন্ডার মাইকেল বক্সাল বর্ণবাদের শিকার হন। এই ঘটনায় তাৎক্ষনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় দ্বিতীয়ার্ধে নিউজিল্যান্ড মাঠে ফিরতে অস্বীকৃতি জানায়।’

নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন করেছে। এক বিবৃতিতে সংস্থাটির প্রধান নির্বাহী এ্যান্ড্রু প্রাগনেল বলেন, ‘আমরা কখনই ম্যাচ বাতিলের পক্ষে না। কিন্তু কিছু কিছু বিষয় কখনো ফুটবলের থেকেও বড় হয়ে দেখা দেয়।

আর এই ধরনের ঘটনায় শক্ত অবস্থান নেয়াটা গুরুত্বপূর্ণ। ফুটবলে বর্ণবাদের কোনো জায়গা নেই।
এ বিষয়ে কাতারের কোচ কার্লোস কুইরোজ বলেন নিউজিল্যান্ড না খেলার সিদ্ধান্তে তাদের কিছু করার নেই। নিউজিল্যান্ড যেমন তাদের খেলোয়াড়কে সমর্থন করেছে তেমনি কাতারও নিজেদের খেলোয়াড়কেই সমর্থন করছে বলে জানান তিনি।

কার্লোস কুইরোজ বলেন, ‘বিষয়টি মূলত এমন, দুজন খেলোয়াড় মাঠে একে অপরের সাথে বাক্য বিনিময় করছে। আমরা এমনটাই দেখেছি। নিউজিল্যান্ড খেলোয়াড়রা তাদের সতীর্থকে সমর্থন করেছে। আমাদের খেলোয়াড়রা সবাই স্বাভাবিক ভাবেই তাদের সতীর্থকে সমর্থন করেছে।

নিউজিল্যান্ড না খেলার সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমাদের কিছু করার নেই। রেফারি কোনো ধরনের কথাবার্তা শুনেনি, ডাগ আউটে বেঞ্চের খেলোয়াড়রা, কোচরা কেউই কিছুই শুনেনি। শুধুমাত্র দুই খেলোয়াড়ের মধ্যে বাক বিতন্ডা হতে দেখা গেছে।’

পুরো বিষয়ে ফিফা তদন্ত করবে বলে আশা করেন কুইরোজ। তিনি বলেন, ‘দেখা যাক এ বিষয়ে ফুটবল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়। আমি মনে করি ফিফা পুরো বিষয়টি খতিয়ে দেখবে।’