Home খেলাধুলা যে কারণে সাকিব-লিটন পেলেন ছাড়পত্র

যে কারণে সাকিব-লিটন পেলেন ছাড়পত্র

20

স্পোর্টস ডেস্ক।।
ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। আঙ্গুলের চোটে অধিনায়ক ছিলেন দলের বাইরে। তবে সেরে উঠেছেন তিনি, শুরু করেছেন বোলিংও। সবকিছু ঠিক থাকলে খেলবেন আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। এরপর তিনি উড়াল দিবেন কানাডাতে গ্লোবাল টি-টোয়েন্টি লীগ খেলতে। তার সঙ্গী হবেন টেস্ট দলের সহ-অধিনায়ক লিটন দাসও। সাকিব অবশ্য কানাডা থেকে যাবে শ্রীলঙ্কায় এসএলপিএলে খেলার জন্য। প্রশ্ন হচ্ছে সেপ্টেম্বরে এশিয়া কাপ ও অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপ। তার আগে জাতীয় দলের দু’জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বাইরের টি-টোয়েন্টি লীগে খেলতে দেয়া হচ্ছে তা নিয়ে। গ্লোবাল টি-টোয়েন্টি লীগে খেলার জন্য তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

এ ছাড়াও তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইনজুরির ঝুঁকির পরও কেন দু’জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি বলেন, ‘সাকিব ও লিটনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সাকিবকে দু’টি টুর্নামেন্টের জন্যই দেয়া হয়েছে, লিটন তো শুধু কানাডার লীগে খেলবে। আফগানিস্তান সিরিজ শেষ করেই দু’জন কানাডার বিমান ধরবে। আগামী ২০শে জুলাই থেকে তাদের ছুটি শুরু। ৬ই আগস্ট পর্যন্ত কানাডার লীগ খেলবেন তারা। এরপর সাকিব যাবে লঙ্কান লীগ খেলতে। এশিয়া কাপের আগেই দলে যোগ দিবেন।’
চলতি বছরে আন্তর্জাতিক ব্যস্ত সূচির জন্য এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলা হয়নি সাকিব আল হাসানের। তবে আসন্ন কানাডার টি-টোয়েন্টি লীগ ও লঙ্কান প্রিমিয়ার লীগ খেলতে বাধা নেই এই অলরাউন্ডারের। ৩১শে অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ। তার আগে আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এরপর দেশে আর খেলা নেই। যে কারণে তাদের ছুটি দিয়েছে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘এখন তো কোনো ন্যাশন্যাল ডিউটি নাই, যখন যাচ্ছে। হেড কোচ, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। এই সময়টাই খেলতে পারলে যে ফরম্যাটেই খেলা হোক খেলুক। আমরা চাই, ওয়ার্ল্ড কাপের আগে যত কম্পিটিটিভ গেম খেলতে পারে। এখানে আইপিএলে কী করেছে না করেছে সেটা কোনো কাইটেরিয়া না। খেলার সুযোগ এসেছে আমরা দিয়েছি। ইন্টারন্যাশন্যাল টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছে খেলুক।’

অন্যদিকে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দু’জনের জন্য টি-টোয়েন্টি লীগে খেলা হতে পারেন ঝুঁকিপূর্ণ। এরপর কেন তাদের ছাড়পত্র দিয়েছে বিসিবি তা নিয়ে ক্রিকেট অপারেসন্সের চেয়ারম্যান বলেন, ‘ইনজুরিতে তাদের কোনো সমস্যা নাই। আমাদের যেটা হচ্ছে ফাস্ট বোলারদের ইনজুরি দেখা যায় বেশি। এবং লিটন ও সাকিবকে দেখা যাচ্ছে, ওই রকম ইনজুরি প্রবণ না। হয়তো দেখা যাচ্ছে, খেলতে খেলতে ব্যথা পেয়েছিল আঙ্গুলে সেটা ভিন্ন। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট, শর্টার ফরম্যাট সেজন্য আমরা অ্যালাউ করেছি।’

অন্যদিকে বিশ্বকাপের জন্য দেশে ক্যাম্প করবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘প্রথম ১০-১২ দিন স্কিল ট্রেনিং হবে। এখনো ঠিক হয়নি। ইনিশিয়ালি আমাদের চিন্তা-ভাবনা আছে হয় সিলেট অথবা চট্টগ্রামে হবে। আর বাকি সময়টুকু ফিটনেসের পরে যে ট্রেনিং সেশনগুলো চলবে সেটা ঢাকাতেই হওয়ার কথা আছে। অলমোস্ট আগস্ট মাসটা চলবে। বগুড়া এখনো সিদ্ধান্ত হয়নি। ওইখানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক নাই, ড্রেসিংরুম ঠিক নাই। মাঠের বাইরে ও ভেতরে পর্যাপ্ত পরিমাণ রেনোভেশনের দরকার। সেই রেনোভেশনের জন্য সময় দরকার। ইমিডিয়েটলি ওইখানে সেই রকম চিন্তা-ভাবনা নেই।’