ঢাকা অফিস।।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন।
বিএনপি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো-নিশিরাতের বর্তমান অবৈধ সরকারের অধীনে অবাধ, নিরক্ষে ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়, এদের আমলে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক। আমি এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।
সন্ত্রাসীদের দিয়ে এ ধরনের বর্বরোচিত হামলায় আরো প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ তাদের ছাড়া বিরোধী দলের কোনো প্রার্থীকেই সহ্য করতে পারে না। হামলা চালিয়ে আক্রমণ করে অথবা যেকোনো প্রক্রিয়ায় তাদেরকেই বিজয়ী হতে হবে। বর্তমান নির্বাচন কমিশনও সরকারের হুকুমের বাইরে চলতে পারে না। বিরোধীদলহীন এ ধরনের একটি নির্বাচনও তারা আয়োজন করতে সম্পূর্ণরুপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে একজন মেয়র প্রার্থী সরকারি দলের সন্ত্রাসীদের কর্তৃক হামলার শিকার হয় সেখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায় ? এ ধরনের নির্বাচনী পরিবেশের জন্যই বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে। আমি ষ্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগের অধীনে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি অবিলম্বে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি।
জামায়াত : জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতিতে বলেন, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, বর্তমান সরকারের আমলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের লোকজনের সামনে একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, একজন মেয়র প্রার্থীর ওপর হামলার এ দুঃখজনক ঘটনাই প্রমাণ করে বর্তমান নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। যেখানে সরকারি দলের সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে একজন মেয়র প্রার্থী পুলিশের সামনে গিয়ে হাউমাউ করে কাঁদছে, সেখানে ভোটারদের জানমালের নিরাপত্তা কোথায়? এ বাস্তব অবস্থার কারণেই বিরোধী দলগুলো এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। অবিলম্বে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলাকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ কল্যাণ পার্টি : মাওলানা ফয়জুল করীমের ওপর সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক ও মহাসচিব আবদুল আউয়াল মামুন।
এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পুতুল কমিশনের উদাসীনতা ও পুলিশের পক্ষপাতের কারণে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের রক্ত ঝরেছে।
বিবৃতিতে আরো বলেন, বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফয়জুল করিমের ওপর দফায় দফায় হামলার করা হয়েছে। তার রক্ত ঝরেছে, তার গাড়ি ভাঙচুর ও তার সাথে থাকা কর্মীদের মারধর করেছে নৌকার ব্যাজধারী নেতাকর্মীরা। মুফতি ফয়জুল করীম নিজেই সাংবাদিকদের এ অভিযোগ করেছেন।
রক্তাক্ত একজন প্রার্থী অদূরে দাঁড়িয়ে থাকা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সহযোগিতা পাননি। এমন প্রহসনের নির্বাচন আয়োজন করে বর্তমান নির্বাচন কমিশন গণধিকৃত কাজ করেছে। এর মাধ্যমে আবারো প্রমাণিত হলো বিরোধী দলের আন্দোলনের যৌক্তিকতা।
বিবৃতিতে বলেন, নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। বর্তমান সরকার প্রতিনিয়ত তাদের গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নেতাদের রক্তাক্ত করেছে। সকল বিরোধী দলসহ বিশ্বের সকল গণতন্ত্রকামী দেশসমূহ বাংলাদেশে গণতন্ত্রের পরিপূর্ণ বিকাশ চায়, কিন্তু বর্তমান সরকার তাদের মসনদ টিকিয়ে রাখতে আজ্ঞাবহ পুতুল নির্বাচন কমিশন বসিয়ে নিজেদের লেজুরবৃত্তিক প্রশাসনকে ব্যবহার করছে। তারই নির্লজ্ব প্রমাণ হচ্ছে বরিশালের আজকের প্রহসনের নির্বাচন।
খেলাফত মজলিস : এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, নির্বাচনের সুষ্ঠ পরিবেশ না থাকার কারণে খেলাফত মজলিস চলমান সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে। বরিশালে একজন মেয়র প্রার্থীর উপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় আবারো প্রমাণ করে এই সরকার দেশে কোনো সুষ্ঠ নির্বাচন দিতে পারবে না। প্রধান নির্বাচন কমিশনার তার দ্বায়িত্ব অবহেলা করেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।
বাংলাদেশ খেলাফত মজলিস : সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভোট কেন্দ্রে গেলে তার ওপর সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা করে তাকে রক্তাক্ত করে। এ ধরনের ঘটনা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। এটা কোনো সভ্যসমাজে হতে পারে না। একজন আলেম প্রার্থীর সাথে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ করার ভাষা আমরা হারিয়ে ফেলেছি।
বাংলাদেশ লেবার পার্টি : আওয়ামী সন্ত্রাসীদের নগ্ন হামলায় রক্তাক্ত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সরকার আলেম ওলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর হামলা মামলা গ্রেফতার নির্যাতন নিপীড়নের মাধ্যমে বিরোধী শক্তিকে স্তব্দ করতে চায়।
এক বিবৃতিতে তিনি আরো বলেন, দেশে আলেম ওলামাদের ওপর হামলা নির্যাতন নতুন কিছু নয়। কেননা ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে। ইতোপুর্বে আওয়ামী সন্ত্রাসীরা হায়েনার মতো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জম হোসেন আলাল, আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান, গণঅধিকার পরিষদের ভিপি নুরুল হক নুর ও আমাকে (ডা: মোস্তাফিজুর রহমান ইরান) হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা চালিয়েছে। আমরা মনে করি ইসলামী আন্দোলন নির্বাচনে গিয়ে ভুল করেছে। বরিশালের গণতন্ত্রকামী জনগন প্রহসনের নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : মাওলানা ফয়জুল করীমের ওপর সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আবারো প্রমাণ হলো এই সরকারের অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলায় জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে নেতৃদ্বয় বলেন নইলে এর কড়া মাশুল দিতে হবে।











































