-এ এস এম কবীর
খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের মেহের আলীর বাড়িতে দুপুরের খাবার খাচ্ছেন পরিবারের সদস্যরা। প্রবীন মানুষ মেহের আলীর মনে আজ বড্ড বেশি আনন্দ। কারণ তাঁর মেজো ছেলে কায়সার, যে কিনা বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক, সে ছুটি পেয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। ফলে কায়সারের দুষ্টু-মিষ্টি দুই ছেলে সৈকত আর ফারহান কে নিয়ে দারুণ সময় কাটছে মেহের আলীর। দুপুরে খাওয়ার শুরুতে গরম ভাতের সাথে ডুবোতেলে ভাজা কড়মড়ে পুঁটি আর কৈমাছ মুখে নিয়ে ফারহান তার বাবার কাছে দেশের খাল-বিল-নদীতে পাওয়া মাছগুলো সম্পর্কে জানতে চাইলো। এশুনে সৈকত প্রশ্ন করলো, দেশের এত মানুষের জন্য খাওয়ার মাছ কিভাবে জোগাড় হয় বাবা? সন্তানের প্রশ্নের উত্তরে বলতে শুরু করলেন কায়সার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভাবনা ও ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। সরকারের মৎস্যবান্ধব কার্যক্রম বাস্তবায়ন এবং চাষি-উদ্যোক্তা পর্যায়ে চাহিদাভিত্তিক ও টেকসই কারিগরি সেবা প্রদানের ফলে ২০২০-২১ অর্থবছরে দেশে মাছের উৎপাদন হয়েছে ৪৬.২১ লাখ মেট্রিক টন, যা ২০১০-১১ অর্থবছরের মোট উৎপাদন ৩০.৬২ লাখ মেট্রিক টনের চেয়ে ৫০.৯১ শতাংশ বেশি। ফলে মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ চাহিদার বিপরীতে বৃদ্ধি পেয়ে এখন ৬২.৫৮ গ্রামে উন্নীত হয়েছে। এছাড়া দেশের মোট জিডিপির শতকরা ৩.৫৭ ভাগ এবং কৃষিজ জিডিপির শতকরা ২৬.৫০ ভাগ আসে মৎস্যখাত থেকে। বাংলাদেশের ১৪ লাখ নারীসহ মোট জনগোষ্ঠীর ১২ শতাংশের অধিক অর্থাৎ প্রায় দুই কোটি মানুষ এ সেক্টরের বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করছেন। একইসাথে দেশের মোট রপ্তানি আয়ের শতকরা ১.২৪ শতাংশে যোগান দেয় মৎস্যখাত।
আমিষের চাহিদা পূরণে জনপ্রতি বার্ষিক ২১.৯০ কেজি মাছ খাবার হিসেবে গ্রহণ করা প্রয়োজন, তবে বর্তমানে দেশে জনপ্রতি বার্ষিক মাছ গ্রহণের পরিমান ২৩ কেজি। সরকারের বাস্তবভিত্তিক পদক্ষেপের ফলে মাছ উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বপরিমণ্ডলে স্বীকৃত। এখন বাংলাদেশ স্বাদু পানির মাছ উৎপাদন বৃদ্ধির হারে বিশে^ দ্বিতীয়, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম। বিশে^ ইলিশ আহরণে ১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। আমাদের জিডিপিতে কেবল ইলিশেরই অবদান এক শতাংশ। ২০২০-২১ অর্থবছরে ৫.৬৫ লাখ মেট্রিক টন ইলিশের উৎপাদন হয়েছে, যা ২০১০-১১ অর্থবছরে উৎপাদিত হওয়া ৩.৪০ লাখ মেট্রিক টনের চেয়ে শতকরা ৬৬.১৭ ভাগ বেশি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অর্জিত এক লাখ ১৮ হাজার ৮১৮ বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র এলাকায় নতুনকরে মৎস্য আহরণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া মাছের উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে সরকার এক্ষেত্রে গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। ফলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে এপর্যন্ত ৩৬ প্রজাতির বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছের প্রজননকৌশল ও চাষ পদ্ধতি আবিষ্কার করেছে। করোনা সংকটে সরবরাহ জটিলতা ও বাজারজাতকরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার মৎস্যচাষী ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে। সে সময় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র বা গ্রোথ সেন্টারের মাধ্যমে মাছ বিক্রী, অনলাইনে মাছ বাজারজাতকরণ গতিশীল করতে দরিদ্র ও অসহায় মানুষকে ত্রাণ সামগ্রীর সাথে মাছ বিতরণ করা হয়। কৃষিখাতে সংকট মোকাবিলায় সরকার ঘোষিত পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনার মধ্যে মৎস্যখাতে জুলাই ২০২১ পর্যন্ত ছয় হাজার চারশত ৩৮ জন মৎস্যচাষিকে ১৫৩.৭২ কোটি টাকা প্রণোদনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশের মোট উৎপাদিত মাছের ১২.২৩ শতাংশ আসে শুধু ইলিশ থেকে। ২০১৭ সালের ১৭ আগস্ট বাংলাদেশ ইলিশ শীর্ষক ভৌগোলিক নিবন্ধন জিআই সনদ পাওয়ায় এখন নিজস্ব পরিচয় নিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের ইলিশ সমাদৃত হচ্ছে। সরকার ইলিশসম্পদ রক্ষা ও উন্নয়নে বঙ্গোপসাগরের সাত হাজার বর্গ কিলোমিটার ইলিশের প্রধান প্রজনন এলাকা চিহ্নিত ও ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুমে ইলিশ আহরণের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া ছয়টি ইলিশ অভয়াশ্রম স্থাপন, জাটকা সংরক্ষণের জন্য জাটকা আহরণের ওপর আট মাস (নভেম্বর-জুন) নিষেধাজ্ঞা আরোপ, ভিজিএফ ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ইলিশ আহরণকারী জেলেদের জীবিকায়নের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জাটকা আহরণ নিষিদ্ধকালীন ২০২১-২২ অর্থবছরে জাটকা আহরণে বিরত থাকা তিন লাখ ৯০ হাজার ৭০০টি জেলে পরিবারকে ৫৯,১৪১.০৪ মেট্রিক টন চালসহ বিগত ১৩ বছরে ৪,৭০,৭৪৫.৫৬ মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়েও ২০২২ সালে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের ২৫ দিনের জন্য মোট ১৩,৮৭২.১৮ মেট্রিক টন চালসহ বিগত ৭ বছরে মোট ৬৬,৪৬২.২৮ মেট্রিক টন ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ২০২২ সালে ১৭টি জেলায় বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে ৮৮৪টি মোবাইল কোর্ট ও ৩৫৪৬টি অভিযানের মাধ্যমে ৪২১৭টি ক্ষতিকর বেহুন্দী জাল, ৪৬৯.৫১৮ লাখ মিটার কারেন্ট জালসহ ৯৫৬২টি অন্যান্য জাল আটক করা হয়েছে। সেই সাথে ৮২.৫১ মেট্রিক টন জাটকা ও অন্যান্য মাছ জব্দ করা হয়।
চিংড়ি বাংলাদেশের একটি অন্যতম প্রধান রপ্তানি পণ্য। সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ইতোমধ্যে সাত হাজার ৫০০ জন চিংড়ি চাষিকে নিয়ে ৩০০টি চিংড়ি ক্লাস্টার স্থাপন করা হয়েছে। চিংড়ি সেক্টরে ট্রেসিবিলিটি সিস্টেম কার্যকর করার অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ২.০৭ লাখ চিংড়ি খামার এবং ৯৬৫১টি বাণিজ্যিক মৎস্য খামারের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। চাষিদের ডাটাবেইজ প্রস্তুত, ই-ট্রেসিবিলিটি এবং আইডি কার্ড প্রদানের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশে ইতোমধ্যেই এসপিএফ বাগদা চিংড়ি সংগ্রহ করে পিএল উৎপাদন প্রবর্তিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে এসপিএফ বাগদা ব্রুড, পলিকিট এবং পিএল উৎপাদনে ১১টি হ্যাচারিতে ২২.৯১ কোটি টাকা ম্যাচিং গ্রান্ট প্রদান করা হয়েছে। সারাদেশে গলদা ও বাগদা চিংড়ির একক বা মিশ্রচাষ সম্প্রসারণ করার উদ্দেশ্যে চাষযোগ্য পোনা উৎপাদনের জন্য বিভিন্ন জেলায় সরকারি ও বেসরকারি খাতে ৩৩টি গলদা চিংড়ির হ্যাচারি ও ৪৩টি বাগদা চিংড়ির হ্যাচারি পরিচালিত হচ্ছে। চাহিদার নিরিখে সময়োপযোগী কার্যক্রম বাস্তবায়নের ফলে দেশে ২০২০-২১ অর্থবছরে ২,৫১,৯৬৪ মেট্রিক টন চিংড়ি উৎপাদিত হয়েছে। বিশ্ববাজারে আর্থিক মন্দাবস্থা থাকা সত্ত্বেও ২০২১-২২ অর্থবছরে ৭৪০৪২.৬৭ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশের আয় হয়েছে ৫১৯১.৭৫ কোটি টাকা যা তার বিগত বছরের তুলনায় ২৬.৯৬ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরে সামুদ্রিক মাছের উৎপাদন হয়েছে ৬.৮১ লাখ মেট্রিক টন যা ২০১০-১১ অর্থবছরে মোট উৎপাদন ৫.৪৬ লাখ মেট্রিক টনের চেয়ে এক লাখ ৩৫ হাজার মেট্রিক টন বেশি।
উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রজাতি-বৈচিত্র্য সংরক্ষণের জন্য ২০২১-২২ অর্থবছরে দেশের উন্মুক্ত জলাশয়ে সরকারিভাবে ২৬৬.৮১ মেট্রিক টন পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তর ও এটুআই এর উদ্যোগে মৎস্য পরামর্শ এবং মৎস্য চাষি স্কুল নামক এ্যাপসের মাধ্যমে মাছচাষিরা চাষ পদ্ধতি, রোগবালাই নিয়ন্ত্রন ও মাছচাষ বিষয়ক যাবতীয় পরামর্শ ও তাৎক্ষণিক সমস্যার সমাধান পাচ্ছেন। এ কার্যক্রমসমূহ বাস্তবায়নের ফলে ২০২৫ সাল নাগাদ দেশে মাছের উৎপাদন ৫০ লাখ মেট্রিক টনে উন্নীত হবে বলে আশা করা যায়।
=০=
পিআইডি, ফিচার
লেখক: এএসএম কবীর, উপপ্রধান তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা। তাং ২৩-০৫-২০২৩











































