Home জাতীয় সিটি ভোট বর্জন নিয়ে হিমশিম খাচ্ছে বিএনপি

সিটি ভোট বর্জন নিয়ে হিমশিম খাচ্ছে বিএনপি

15

ঢাকা অফিস।।
বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না- এখন পর্যন্ত এই সিদ্ধান্তে অনড় বিএনপি। দল না চাইলেও পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিচ্ছিন্নভাবে দলের অনেকে মনোনয়নপত্র তুলেছেন। মেয়র পদেও বিএনপি প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারেন, এমন গুঞ্জনও আছে। দলীয় ফোরামে অনেকবার আলোচনা ও চিঠি দেয়ার পরও নির্বাচন থেকে বিএনপি নেতা-কর্মীরা সরছেন না। ফলে আন্দোলন জোরদার করার চেষ্টায় থাকা দলটি হিমশিম খাচ্ছে নেতা-কর্মীদের সামলাতে। এমন পরিস্থিতিতে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় গাজীপুর সিটি নির্বাচনে অংশগ্রহণের কারণে ২৯ বিএনপি নেতাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাকি চার সিটির তিনটিতে ৬৬ জন বিএনপি নেতা নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিটি নির্বাচনে অংশ নেয়ার আলোচনায় সবচেয়ে বেশি শোনা গেছে সিলেটের দুবারের মেয়র অরিফুল হক চৌধুরীর নাম। বহিষ্কার না হয়ে দলে থাকতে চেয়ে শেষ পর্যন্ত মেয়র পদে ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আরিফ। শনিবার এক জনসভায় আরিফ বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমার দল বিএনপি অংশ নেবে না। আমি এই সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালাম।’ আরিফের সিদ্ধান্ত এলেও অন্যদের কাছ থেকে তেমন সিদ্ধান্ত এখনো আসেনি। দলটির নেতারা বলছেন, নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনকে বিএনপি চূড়ান্ত পরিণতির দিকে নিতে চাইছে। সে কারণে দলের পক্ষ থেকে এখন সিটি করপোরেশনের ভোট বর্জন এবং মাঠের কর্মসূচিকে গুরুত্ব দেয়া হচ্ছে। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি এখন দুটি বিষয়ে বেশি জোর দিচ্ছে। এক, আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে অংশ না নেয়া ও সে অনুযায়ী দলীয় নেতা-কর্মীদের বিরত রাখা এবং দ্বিতীয়টি দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ১০ দফা দাবিতে সরকার হটানোর আন্দোলনকে চাঙা রাখা। এই দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে বিএনপি নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির ৩০ নেতা মনোনয়নপত্র তোলেন। দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার পর তাদের মধ্যে মাত্র একজন নির্বাচন থেকে সরে দাঁড়ান। বাকি ২৯ জন দলের সিদ্ধান্ত না মানায় তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। নির্বাচনে অংশ নিলেই দল থেকে বহিষ্কার করা হচ্ছে, এই সিদ্ধান্তে দলের তৃণমূলে প্রভাব পড়বে কি না, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের প্রথমে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল। এর পরও যখন তারা থামেননি, তখন দল থেকে তাদের বহিষ্কার করা হয়। এখন যারা দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তারা নির্বাচনে অংশ নিতেই পারেন। তারা বহিষ্কৃত হয়েই গেছেন। এই ব্যবস্থা অন্যদের জন্য একটি বার্তা।’
‘শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পরিবর্তন চাই’: বিএনপি নেতারা বলছেন, তারা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পরিবর্তন চান। তারা কোনো সংঘাত চান না। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে সিটি করপোরেশনের ভোটে অংশ নিলে দলের সরকারবিরোধী আন্দোলন ও অবস্থান প্রশ্নবিদ্ধ হবে। এর নেতিবাচক প্রভাব জাতীয় নির্বাচনেও পড়তে পারে। তখন সরকারি দলের টোপের মুখে জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না বলে মনে করেন বিএনপি নেতারা।

গত শুক্রবার এক জনসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো সংঘাত চাই না। আমরা শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তন চাই। সে জন্য নির্বাচনই একমাত্র উপায়। সেই নির্বাচন কখনোই আওয়ামী লীগের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।’

এ প্রসঙ্গে মির্জা ফখরুল গত নির্বাচনের আগে বিরোধী দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের কথা উল্লেখ করেন। ফখরুল বলেন, ‘২০১৮ সালে আমাদের (বিএনপি) ডেকে নিয়ে গিয়ে সংলাপ করা হলো। বলা হলো, কোনো গ্রেপ্তার, হয়রানি করা হবে না। কিন্তু নির্বাচনের আগেই বিএনপির প্রার্থীদের গ্রেপ্তার করা হলো। অসংখ্য মামলা দেয়া হলো, কেউ ভোট দিতে যেতে পারেনি। ফলে এবার সরকারের নির্বাচনের টোপে আমরা পা দেব না।’

‘সুষ্ঠু নির্বাচন হবে’: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কয়েক মাস ধরে সক্রিয় হয়ে উঠেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। তাদের সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের কয়েক দফা বৈঠকও হয়েছে। এসব বৈঠকে তারা আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়েছেন। যদিও বিএনপির পক্ষ থেকে কূটনৈতিকদের জানানো হয়েছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি ক্ষমতাসীন সরকারের অধীন অনুষ্ঠিত কোনো নির্বাচনে যাবে না। অন্যদিকে আওয়ামী লীগ বলেছে, সংবিধান মেনে বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে এবং এর ওপর ভর করে বিদেশিরা মাথা ঘামাচ্ছেন। এসব নিয়ে মাথা না ঘামাতে অনুরোধ করেছেন স্বয়ং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশে তিনি বলেন, ‘বিএনপি যতই নালিশ করুক, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার দেশে অবাধ, সুষ্ঠু, পক্ষপাতহীন এবং অংশগ্রহণমূলক একটা ঐতিহাসিক নির্বাচন হবে। আপনাদের কারও এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। হাঁটু ভাঙা, কোমর ভাঙা (বিএনপি) দল যতই কাকুতি-মিনতি করুক, এদের প্রলাপ শুনে লাভ নেই।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ও শরিক দলগুলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেয়ার কথাও বলছেন দলের নেতারা। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও ভোটে জয়ী হয়ে ফের ক্ষমতায় থাকার প্রস্তুতি নিচ্ছে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণ যেন হয়, সে জন্য পরিবেশ তৈরি করার চেষ্টায় সরকার। একদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে সরকারপ্রধানের সফর, ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর আহ্বান, অন্যদিকে স্থানীয় নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার মাধ্যমে বিএনপিকে নির্বাচনমুখী করার পরিবেশ তৈরির চেষ্টা করছেন ক্ষমতাসীনরা।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে বিএনপি অংশ নিচ্ছে না। তবে গাইবান্ধার নির্বাচন স্থগিত করা, গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের আচরণবিধি নিয়ে তলব করা, সিটি করপোরেশনের ভোটে সিসি ক্যামেরা বসানোসহ নির্বাচন কমিশন তার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হয় এমন ইঙ্গিত দিচ্ছে। তা ছাড়া বিএনপিসহ বিরোধী দলগুলোর দাবি ছিল ভোটে ইভিএম ব্যবহার না করা। নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে। সরকারি দলও এ নিয়ে কোনো আপত্তি করেনি।

বর্তমান কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে স্থানীয় সরকারের সহস্রাধিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এসব নির্বাচনের কোনোটিতেই বিএনপি দলগতভাবে অংশ নেয়নি। অবশ্য এর আগে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেয়। তবে সেসব নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপি নেতারা। একদিকে বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে পরিবেশ তৈরির লক্ষ্যে সংবিধানের ভেতরে থেকে আওয়ামী লীগ চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে বিএনপি বলছে- নির্দলীয় সরকার না হলে তারা নির্বাচনে আসবে না। বিএনপি কঠোর কর্মসূচির দিকে যাবে কি না, সে আভাসও মিলছে না। এমন পরিস্থিতিতে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের সমঝোতা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আন্দোলন এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে না। বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার মানে এই অবৈধ সরকারকে আরও বৈধতা দেয়া। যেখানে এই অবৈধ সরকার থেকে দেশকে মুক্ত করার জন্য নেতা-কর্মীরা জীবন দিয়ে আন্দোলন করছেন, গ্রেপ্তার-হয়রানির শিকার হচ্ছেন, সেখানে নির্বাচনে গিয়ে যারা হালুয়া-রুটির ভাগ নেবে, তাদের সঙ্গে নিয়ে তো আন্দোলন হতে পারে না।’