Home আঞ্চলিক রূপসায় জমি জবর দখল প্রচেষ্টায় প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

রূপসায় জমি জবর দখল প্রচেষ্টায় প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

47

 

রূপসা প্রতিনিধি ।।

রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামে কবল দলিল মুলে ক্রয়কৃত ভোগদখলীয় জমি বিক্রেতা কর্তৃক জবর দখলের চেষ্টাসহ জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী শ্রীফলতলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ হাসান শেখ ০৯ মে এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা গেছে, মোঃ হাসান শেখ ২০১৪ সাল থেকে ২০১৬ পর্যন্ত কয়েকটি দলিলের মাধ্যমে তার চাচা লিয়াকত আলী, চাচাতো ভাই মোঃ কামাল শেখ, মোঃ জামাল শেখ, মোঃ জসিম উদ্দীন শেখ, ফুফু আকলিমা বেগম, রাহিলা বেগম ও রহিলা বেগমের নিকট হতে ৩০ শতক কৃষি জমি ক্রয় করে। জমি ক্রয়ের পর থেকে তা হাসানের ভোগ দখলে রয়েছে। বিগত কয়েকমাস থেকে জমি বিক্রেতা লিয়াকত আলী বিক্রিত ওই জমি জবর দখলের চেষ্টা চালাতে থাকে। এতে হাসান বাধা প্রদান করায় তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে। এ বিষয় প্রতিকারের জন্য গত ৭ মে ভুক্তভোগী হাসান উক্ত লিয়াকত আলী ও তার স্ত্রী রোজিনা বেগমের বিরুদ্ধে রূপসা থানায় লিখিত অভিযোগ করে। এদিকে থানায় অভিযোগ করার খবর জানতে পেরে উক্ত লিয়াকাত আলী তার উপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। থানার অভিযোগ প্রত্যাহার করার জন্য সে হাসানকে নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকে। তার কথা না শুনলে হাসানকে মেরে ফেলবে বলে শাসাতে থাকে। উক্ত লিয়াকত আলী ৮ মে সকালে হাসানকে তার বাড়ির সামনে পেয়ে বলে, তুই সাপের পাঁচ পা দেখেছিস? এই জমিজমা নিয়ে তোর বাপ যেভাবে খুন হয়েছিলো তোর অবস্থাও তাই হবে। তোর এমন হাল করবো যে বংশে বাতি জালানোর জন্যও কেউ থাকবেনা। এসব হুমকির পাশাপাশি হাসানের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে হয়রানী করবে বলেও হুমকি দিচ্ছে।
লিখিত অভিযোগে আরো বলা হয়েছে, উক্ত লিয়াকত আলী একজন জাল-জালিয়াতি চক্রের হোতা। হাসানের কাছে বিক্রিত ওই জমি সে জাল কাগজ তৈরি করে অন্যাত্র বিক্রির প্রচেষ্টা চালাচ্ছে। হাসানের পিতা হাবিবুর রহমান ২০০৩ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খুন হয়। ওই হত্যাকান্ডের ইন্দোনদাতা লিয়াকত আলী ছিলো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে সরল বিশ^াসে লিয়াকতকে মামলায় না জড়ালেও বর্তমানে কথা-বার্তার মাধ্যমে হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। লিয়াকত আলীর এহেন ভয়ভীতি ও হুমকিতে হাসান পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে রয়েছে।
ভুক্তভোগী মোঃ হাসান শেখ বলেন, আমার চাচা লিয়াকত আলী খুবই দুষ্ট প্রকৃতির লোক। এমন কোন কাজ নেই সে পারেনা। এঘটনায় আইনী সহায়তার জন্য ৭ ও ৯ মে থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ করেছি। পুলিশ প্রশাসন আইনী ব্যবস্থা না নিলে উনি আমাকে বাঁচতে দেবেনা।
এব্যাপারে লিয়াকত আলীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দিতে রাজি হননি বরং তাদের সাথে মারমুখি আচরণ করেন।
এব্যাপারে রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় হাসান থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে এসআই রাজু বিষয়টি তদন্ত করছে। তিনি বলেন, মূলত জায়গা জমি সংক্রান্ত বিষয় অভিযোগ হলে আমরা কোর্টে দেওয়ানি মামলা করার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়ে থাকি। যদি কেউ এ বিষয়ে আইন ভঙ্গ করে তখন আমরা ফৌজদারী কার্যবিধিতে ব্যবস্থা নিয়ে থাকি।