Home জাতীয় যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

10

ঢাকা অফিস।।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) অংশ নিতে ওয়াশিংটনে পাড়ি জমিয়েছেন বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হযরত (রা.) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির এই নেত্রী।

‘জনসাধারণের নীতিনির্ধারণে নারীর অগ্রগতির প্রভাব: নারী আইনপ্রণেতা এবং স্টাফ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নিপুণ রায়।
ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠান চলবে আগামী ১ মে থেকে ১৯ মে পর্যন্ত। এতে বিদেশি নেতা, আইনপ্রণেতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জনগণের সঙ্গে আরও ভালোভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়া হবে। এই আয়োজনের প্রধান লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নকে ত্বরান্বিত করা।

ঢাকা ছাড়ার আগে এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে। তা ছাড়া বহু দিন ধরে বাংলাদেশের রাজনীতিতে নারীরা নেতৃত্ব দিচ্ছেন, তারপরও সার্বিকভাবে রাজনীতিতে নারীর অংশগ্রহণ সুখকর নয়। নারী ও পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করতে গেলে নারীকে সিদ্ধান্তগ্রহণ পর্যায়ে থাকতে হবে। সে জন্য রাজনীতিতে নারীর সক্রিয় ভূমিকা থাকতে হবে।
তিনি আরও বলেন দেশে ঢালাওভাবে আইন প্রণয়ন করা হয়, কিন্তু আইনটি নারীবান্ধব কি না, সে বিষয়ে লক্ষ্য রাখা হয় না। এই অনুষ্ঠানে বাংলাদেশে নারীর অধিকার, রাজনীতিতে এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় নারী অংশগ্রহণ প্রভৃতি বিষয় তুলে ধরার কথাও জানান তিনি।