খুলনাঞ্চল রিপোর্ট।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি সংশ্লিষ্টরা।
জানা যায়, কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে অবস্থানরত মালবাহী ট্রেনটি ১ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস পেছন থেকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের আটটি ও মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো নিহতের খবর পাইনি। উদ্ধারকাজ চলছে।’











































