Home আঞ্চলিক খান জাহানের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে মসজিদকুড় মসজিদ

খান জাহানের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে মসজিদকুড় মসজিদ

43

স্টাফ রিপোর্টার।।
খুলনার সর্বশেষ উপজেলা কয়রা। উপকূল ঘেঁষে সুন্দরবনের অভ্যন্তরের এই উপজেলার একটি গ্রাম মসজিদকুড়। সিডর আর আইলার কারণে কয়রা উপজেলা ব্যাপক পরিচিত হলেও খান জাহান (র.) স্মৃতিধন্য হয়ে মুসলিম বিশ্বে পরিচিত এই উপজেলার মসজিদকুড় গ্রামটি। এই গ্রামেই রয়েছে খান জাহানের স্মৃতি বহনকারী মসজিদ।

স্থানীয় এলাকাবাসীসহ দূরদূরান্তের মানুষ আসেন এই মসজিদে নামাজ আদায় করতে। ছোট ছোট ইট আর চুনসুড়কির গাথুনির অপরূপ সুন্দর মসজিদটির রয়েছে নয়টি গম্বুজ। মসজিদটির তিনপাশে তিনটি প্রবেশপথের সঙ্গে রয়েছে আরও ছয়টি ছোট প্রবেশ পথ। তবে এখন উত্তর ও দক্ষিণ দিকের প্রবেশ পথ বন্ধ করে দিয়ে শুধু পূর্ব দিকের প্রবেশ পথ দিয়েই মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে পারেন। ঐতিহাসিক এই স্থাপনাটি এখন রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় এলাকাবাসীর দেওয়া তথ্যানুযায়ী, আমাদী ইউনিয়নের মসজিদকুড় মসজিদটি খুলনা জেলার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের কপোতাক্ষ নদীর পূর্বদিকে অবস্থিত। মসজিদের চারকোণে ৪টি গোলাকার মিনার বা টারেট আছে। বিরাট আকারের মিনারগুলো ছাদের কার্নিশের ওপর উঠেনি। এগুলোকে ৪টি গোলাকার ও স্ফীত রেখা দ্বারা অলঙ্কৃত করা হয়েছে।

মসজিদের বাইরের দেওয়াল দক্ষিণ, পূর্ব ও উত্তর দিকে পোড়ামাটির চিত্রফলক দ্বারা অলঙ্কৃত। খিলান ও কার্নিশের ওপরও একই অলঙ্করণের কাজ দেখা যায়। এগুলোর মধ্যে রয়েছে পদ্মফুল, মালা, বিলম্বিত রজ্জু ও ঘণ্ট।

মসজিদের অভ্যন্তরে আছে ৪টি প্রস্তরস্তম্ভ। ইটের তৈরি ভিত্তিবেদীর ওপর প্রতিষ্ঠিত প্রত্যেকটি স্তম্ভ ২টি করে পাথরের সাহায্যে নির্মিত। পাথর দুটি ভিনড়ব মাপ ও ভিনড়ব জাতের। এক সময় এই স্তম্ভগুলোতে এলাকাবাসী তেল লাগিয়ে তা নিয়ে যেতেন। তাদের ধারণা ছিলো, এই তেল গায়ে মাখলে বা খেলে অনেক রোগব্যাধী থেকে মুক্তি লাভ করা যায়। তেল মাখতে মাখতে স্তম্ভগুলো সরু হতে থাকায় পরবর্তীতে তা ইট-সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়। এমনকি সেখানে বিভিন্ন ধরনের মানতও করা হতো।
প্রত্মতত্ত্ব অধিদপ্তরের তথ্যে আরও জানা যায়, উচ্চতার সমতা রক্ষার জন্য নিচে ইটের তৈরি ভিত্তিবেদী কমবেশি উঁচু করে নির্মিত। এই ৪টি প্রস্তর স্তম্ভ ও চারদিকের দেওয়ালের ওপর খিলানের সাহায্যে নির্মিত হয়েছে মসজিদের ৯টি গম্বুজ। ভেতরের খিলান ও গম্বুজগুলোর নির্মাণ-কৌশল খুবই উঁচু মানের। কেন্দ্রীয় গম্বুজটি অন্যগুলোর চেয়ে আকারে কিছুটা বড়।
এই মসজিদে কোনো শিলালিপি পাওয়া যায়নি। বাগেরহাটের সুবিখ্যাত ষাটগম্বুজ ও নয়গম্বুজ মসজিদের সঙ্গে মসজিদকুড় মসজিদের গঠনপ্রণালী ও স্থাপত্যকৌশলের মিল রয়েছে। এ কারণে সবাই একবাক্যে স্বীকার করেন যে এই মসজিদ অপর দুটি মসজিদের সমসাময়িক এবং খান-ই-জাহান কর্তৃক নির্মিত হয়েছিল।

তবে স্থানীয়রা জানান, জনপ্রবাদের ওপর ভিত্তি করে বুড়াখা ও তার পুত্র ফতেখাঁকে মসজিদের নির্মাতা বলে ধরা হয়। তারা উভয়েই ছিলেন এই অঞ্চলের ইসলাম প্রচারক খান-ই-জাহানের সহচর।
খান-ই-জাহান সম্পর্কে যে প্রবল জনশ্রুতি চলে আসছে তাতে জানা যায় যে, বারবাজার থেকে সদলবলে মুড়লী (যশোর) পর্যন্ত এসে তিনি একদল সঙ্গী নিয়ে বাগেরহাটের দিকে যান এবং তার অনুগত সহচর বুড়াখাঁর নেতৃত্বে একটি দলকে মসজিদকুড়, সুন্দরবনের অভ্যন্তরের বেদকাশী প্রভৃতি অঞ্চলের দিকে পাঠান। যাওয়ার পথে তারাও খান-ই-জাহানের নির্দেশ ও দৃষ্টান্ত অনুসরণ করে পথিমধ্যে স্থানে স্থানে জলাশয় খনন, রাস্তা ও মসজিদ নির্মাণ করেন। বুড়া খাঁ ও ফতেহ খাঁ দক্ষিণে বেদকাশী পর্যন্ত গিয়েছিলেন বলে জানা যায়। তবে তাদের স্থায়ী বসতি আমাদি গ্রামে ছিল বলে প্রমাণ পাওয়া যায়। এখানে তাদের দুজনেরই পাকা কবর ছিল বলে ইতিহাসবীদরা উল্লেখ করেছেন।

এক সময়ে মসজিদের দেখভালকারী মসজিদকুড় গ্রামের বাসিন্দা রাশেদ আলী সানা নান্চু বলেন, গ্রামের মুরুব্বিদের কাছ থেকে আমরা জেনেছি মসজিদকুড় গ্রামে পশ্চিম দিকে নদীর তীরে বুড়া খাঁ ও ফতে খাঁ উভয়ের কবর ছিল। বুড়া খাঁ যে শুধু ধর্ম প্রচারের জন্য এখানে এসেছিলেন তা নয়। তার প্রধান কাজ ছিল রাজ্যশাসন ও জমি পত্তন। তার সমাধিস্থানের অনতিদূরে তার গড় বেষ্টিত কাছারিবাড়ি ছিল। এখনও গড়ের এবং বাড়ির নানা চিহ্ন আছে।

বুড়া খাঁর বসতবাটী বলে কথিত স্থানে ‘কালিকা দিঘি’ নামে একটি অতি বিরাট জলাশয় ছিল, যার আয়তন ছিলো প্রায় ৩৫ একর। তবে এখন এর আয়তন খুবই কম। ধারণা করা হয়, দিঘিটি মোগল আমলের বহু আগে সুলতানী আমলে খনন করা হয়েছিল। বুড়া খাঁ দক্ষিণাঞ্চলে খান-ই-জাহানের প্রতিনিধি হিসেবে রাজ্য শাসন ও ধর্মপ্রচার করতেন বলে জানা যায়।

এই মসজিদের অপরূপ স্থাপত্যশৈলী দেখতে প্রতিদিনই এখানে আসেন বিভিন্ন এলাকার মানুষ। তারা সময় পেলে নামাজও আদায় করেন এখানে। শুধু মুসলিমরাই নন, নানা ধর্মের লোকের সমাগম হয় এখানে।

খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু বলেন, মসজিদকুড় মসজিদটি এই অঞ্চলের একটি ঐতিহাসিক স্থাপনা। যা ইসলাম প্রচারক খান জাহানের (র.) স্মৃতি বহন করছে। মসজিদটি এই অঞ্চলের গৌরব। এটি সংরক্ষণ করা আমাদের সবার দ্বায়িত্ব।
যেভাবে যাওয়া যাবে এই মসজিদে: খুলনা থেকে দু’ভাবে যাওয়া যায় মসজিদকুড় মসজিদে। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাসে করে সরাসরি কয়রার আমাদি ইউনিয়নের মসজিদকুড় গ্রামে যাওয়া যায়। বাসে যেতে জনপ্রতি ১৭০ টাকার মতো খরচ হয়।
এছাড়া নদীপথে লঞ্চে করেও যাওয়া যায় মসজিদকুড় গ্রামে। খুলনার বিআইডব্লিউটিএ ঘাট থেকে লঞ্চে কয়রার জায়গীর মহল ঘাটে নেমে সেখান থেকে ভ্যানযোগে অথবা পায়ে হেঁটেও যাওয়া যায় মসজিদকুড় মসজিদে। লঞ্চে জনপ্রতি ভাড়া ১৫০ থেকে ১৬০ টাকা।