Home আঞ্চলিক নির্মাণ এবং স্থাপত্যশৈলীতে অনন্য খুলনার তালাবওয়ালা মসজিদ

নির্মাণ এবং স্থাপত্যশৈলীতে অনন্য খুলনার তালাবওয়ালা মসজিদ

549

এজাজ কায়েস।।
নগরীর সাতরাস্তা থেকে দক্ষিণে কিছুদূর এগিয়ে যেতেই মুসলমানপাড়ার অবস্থান, যেখানে রয়েছে নির্মাণ ঐতিহ্যবাহী তালাবওয়ালা জামে মসজিদ। স্থাপত্য এবং নির্মাণ শৈলীতে মসজিদটি দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবহন করে চলছে যুগযুগ ধরে। মসজিদের ভিতরে ঢুকতেই চোখে পড়ে নয়নাভারিম সব কারুকার্য। এখানে রয়েছে পদ্মা এপাড়ের সবচেয়ে উচু মিনার। যার উচ্চতা ২২৬ ফুট। মসজিদ ও মিনারটির পুরোটাই সাদা টাইলস দিয়ে তৈরি। সুউচ্চ মিনার ছাড়াও মসজিদটিতে রয়েছে চারটি গম্বুজ। মসজিদের সৌন্দর্য বাড়াতে চারদিকে স্থাপন করা হয়েছে লাইটপোস্ট।
দূর-দূরান্ত থেকে এ মিনার দেখতে দর্শনার্থীরা এখানে আসেন। মসজিদের তিন পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় সর্বোচ্চ এবং অন্যতম সুন্দর মিনার দেখে মুগ্ধ হন সবাই। বিশেষ করে, রাতে কৃত্রিম আলোয় চারপাশের পরিবেশ দেখে মনে হয় জান্নাতের একটি সুসজ্জিত বাগান। খুলনা মহানগরীর মুসলমান পাড়ায় ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় ‘জামিআ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা’। এই মাদ্রাসাটির দৃষ্টিনন্দন বিশাল মসজিদটির নাম তালাবওয়ালা জামে মসজিদ (পুরাতন তাবলিম মসজিদ)। ১৯৭৯ সালে কওমি মাদরাসার সর্বোচ্চ শ্রেণি দাওরায়ে হাদিসের সূচনা হয়। ২০০০ সালে ইসলামী আইন গবেষণা অনুষদ (ইফতা) এবং তাফসির বিভাগ চালু করা হয়। দারুল উলুম দেওবন্দের শিক্ষা কারিকুলাম অনুসারে ৪৮ জন অভিজ্ঞ শিক্ষক প্রায় ১২০০ শিক্ষার্থীকে পাঠদান করেন। মাতৃভাষা বাংলা ছাড়াও তারা আরবি, উর্দু ও ফার্সি ভাষা শেখার সুযোগ পায়। আবাসিক শিক্ষাব্যবস্থাপনায় এতিম ও দরিদ্রদের শিক্ষাগ্রহণে বিশেষ সুযোগ আছে এ মাদ্রাসাটিতে।
আল¬ামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর অনুপ্রেরণায় বিখ্যাত দানবীর মরহুম হাজী আব্দুল হাকীম জমাদ্দারের পৃষ্ঠপোষকতায় মাওলানা মুজিবুর রহমান (রহ.) এটি প্রতিষ্ঠা করেন। মিনার থেকে প্রধান ফটক পর্যন্ত কারুকার্য যেন একটি থেকে আরেকটি উচ্চতর। কৃত্রিম কারুকার্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের একাত্মতা ঘটায় অপরূপ এক লাবণ্যের প্রকাশ ঘটেছে এই মসজিদে। এখানে গেলে সহজেই দেখা মিলবে অর্কিড, বনসাই, সাইকাস, পাইনাসসহ নানা ধরনের শোভা বর্ধনকারী উদ্ভিদের। এছাড়া চারপাশে রয়েছে বিভিন্ন জাতের সুপারি ও নারিকেলগাছ। এই মসজিদের প্রধান আকর্ষণ হলো মসজিদের সামনে অবস্থিত শাহি গেট। এছাড়া এখানে রয়েছে আধুনিক শৌচাগার, অজুখানা, গোসলখানা।
মসজিদটিতে রমজান মাসে দুই ধরনের তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। একটি হলো সাধারণ নিয়ম, ২৭ রমজান যেখানে কোরআন খতম করা হয়। আরেকটি হলো মাত্র ছয় দিনে কোরআন খতম করা হয়। ৬ দিনের খতম তারাবির মুসলি¬দের মধ্যে বেশির ভাগ ব্যবসায়ী। এখানে একসঙ্গে প্রায় ২ হাজার মুসুলি¬ নামাজ আদায় করতে পারেন।