খুলনাঞ্চল রিপোর্ট।।
নিজের বাড়ি ঝালকাঠিতে। সেখানে থেকে নিখোঁজ হন এক তরুণী। পরে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্রেমিকের বাড়িতে ঐ তরুণীর সন্ধান মিলেছে।
রোববার সকাল ১১টার দিকে মহেশপুর উপজেলার বৈঁচিতলা থেকে পুলিশ ঐ তরুণীকে উদ্ধার করে। এর আগে, গত ১৬ মার্চ ঐ তরুণী নিখোঁজ হন।
জানা যায়, মহেশপুরের বৈঁচিতলা গ্রামের আমিনুর রহমান বিশ্বাসের ছেলে আবু সাইদের বাড়ি থেকে ঝালকাটির সৈয়দকাটি গ্রামের ওবাইদুল হকের মেয়ে সানজিদা আক্তারকে উদ্ধার করেন মহেশপুর পৌর পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর। সানজিদা গত ১৬ মার্চ বাড়ি থেকে পালিয়ে যান। পরে তার পরিবার জানতে পারে- সানজিদা মহেশপুরে অবস্থান করছেন। রোববার সকালে ঐ তরুণীর মামাসহ পরিবারের লোকজন মহেশপুর থানার সহযোগিতা চাইলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে স্বীকার করেছেন তরুণ-তরুণী। প্রেমের সম্পর্কের সূত্র ধরে ঐ তরুণী মহেশপুরে প্রেমিকের বাড়িতে এসে ওঠেন। পরে স্থানীয় কাজীর মাধ্যমে দুইজনকে বিয়ে দেওয়া হয়। ঐ তরুণী নিজের পরিবারের কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে মহেশপুর পৌর পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর জানান, এ ঘটনায় একটি জিডি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।











































