সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বেলা ১০টা থেকে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডলের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।
দিনের শুরুতে আসামিপক্ষ শুনানির জন্য আদালতের কাছে সময়ের আবেদন করে। রাষ্ট্রপক্ষ সময় নষ্ট না করে শুনানি আরম্ভ করার জন্য আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী ২২ মার্চ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য্য করেন আদালত।
এ দিন সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৮ জন আসামিকে আদালতে কাঠগড়ায় হাজির করানো হয়। এ মামলায় আব্দুস সাত্তার নামের এক আসামি জামিনে মুক্ত রয়েছেন। নয়জন আসামি পলাতক রয়েছেন। আর দুই জন মারা গেছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলু, আব্দুস সামাদ প্রমুখ।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আব্দুল মজিদ, মিজানুর রহমান পিন্টু, শাহানারা পারভিন বকুল প্রমুখ।
২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনা মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে বেলা ১১টার দিকে কলারোয়ায় বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। হামলায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়।
এ ঘটনায় দায়েরকৃত হামলার মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে ৪ থেকে ১০ বছর মেয়াদে সাজা দেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির। এ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য মামলারও আসামি।











































