ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)।।
সাতক্ষীরার তালায় নিয়োগ পরীক্ষার আগেই শোনা যাচ্ছে কোন পদে কে চাকুরী পেতে যাচ্ছেন। আবার নিয়োগ পরীক্ষার আগেই বিভিন্ন দপ্তরে অভিযোগ দিচ্ছেন চাকুরী প্রার্থীরা। এমনকি নিয়োগে অনিয়ম বন্ধে মানববন্ধন কর্মসূচী পালন ও আদালতে মামলারও গুঞ্জন তুলছেন প্রার্থীরা।
তালা উপজেলার খেশরা কেএসডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাঁচটি পদে নিয়োগ বাণিজ্যের এমন অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক, ল্যাব সহকারী, পরীচ্ছন্নকর্মী ও আয়া পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ম্যানেজিং কমিটির সদস্য ও স্কুলের অভিভাবকরা। অভিযোগে উল্লেখ করেন, স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে বিদ্যালয়ে পাঁচটি পদে নিয়োগ দিতে যাচ্ছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক।
ম্যানেজিং কমিটির সদস্য মো. আকরাম হোসেন বলেন, পাঁচটি পদে দরখাস্তের আহবান করা হয়। এরপর থেকে এসব পদে অর্থ বাণিজ্য করার জন্য সভাপতির ভাইপো বিশ্বজিৎ দাশসহ আরো ৪ জনকে নিয়োগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থী জানান, অনেক আশা নিয়ে চাকুরির জন্য বিদ্যালয়ে আবেদন করেছিলাম। আবেদন জমা দেওয়ার সময় প্রধান শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানালেও, এখন প্রতিটি পদের জন্য ১০ লক্ষ টাকা নিয়ে তাদের চাকরি দিবে বলে মরিয়া হয়ে উঠেছে। এছাড়াও তারা বলেন, আমরা গরীব মানুষ। একটা পদে দরখাস্ত করেছিলাম। কিন্তু এখানে যেভাবে নিয়োগ বাণিজ্য শুরু হয়েছে তাতে আমার যোগ্যতা থাকলেও আমাদের চাকুরী পাওয়ার কোন সম্ভবনা নেই। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার দাশ জানান, শুধু মাত্র নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে এখনো কোন পরীক্ষা নেওয়া হয়নি। প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান তার দপ্তরে অভিযোগ পত্রটি প্রাপ্তির বিষয় কৌশলে এড়িয়ে গিয়ে বলেন আমি ঢাকায় ট্রেনিং এ আছি। তবে মুঠোফোন মাধ্যমে জানতে পেরেছি জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে একটি অভিযোগ পৌছেছে।











































