মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে মোংলার সার্বিক উন্নয়নে ১৬দফা দাবী নামা উত্থাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবী নামা উত্থাপন করেন মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ভিপি শাহআলম। এ দাবীর সমর্থনে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারন শ্রমিকেরা। এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সাংবাদিক আহসান হাবিব হাসান, ব্যবসায়ী কামরুল ইসলাম খোকন, শ্রমিক-কর্মচারী নেতা মোঃ আক্তার হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাবেক সহসাধারণ সম্পাদক মতিয়ার রহমান শাকিব, খুলনা মহানগর তাতী লীগের সহসভাপতি মোঃ নাছির উদ্দীন,
নৌযান শ্রমিক নেতা আনোয়ার হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা কেশবলাল মন্ডল, শ্রমিক নেতা মাহফুজ ভূইয়া, রিক্সা শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ হাসু, সাংবাদিক সফিকুল ইসলাম শান্ত, ওমর ফারুক ও আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা।
সংগঠনের আহবায়ক ভিপি শাহআলম বলেন, বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মোংলা বন্দরকে আরো আধুনিকায়ন ও গতিশীল করার উদ্দেশ্য নিয়ে আমাদের এ দাবীগুলোর বাস্তবায়নে কাজ করে যাবো। আমাদের মুল কাজ হবে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে এ দাবীগুলো সরকারসহ সংশ্লিষ্টদের নজরে আনা, যাতে এ সকল দাবীর বাস্তবায়ন ঘটে।
মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের ১৬দফা দাবীগুলো হলো মোংলা বন্দরকে গতিশীল রাখতে পশুর চ্যানেলের নাব্যতা বৃদ্ধিতে নিয়মিত ড্রেজিংয়ের কাজ অব্যাহত রাখা, মোংলা সাইলোর মালামাল পরিবহণের সুবিধার্থে ও মোংলা ইপিজেড, বন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ মোংলাবাসীর যাতায়াতে মোংলা নদীর উপর ব্রিজ নির্মাণ, মোংলা বন্দরকে আরো আধুনিক ও গতিশীল করা, মোংলা ইপিজেডে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, ৫০শয্যার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে আড়াইশ শয্যায় উন্নিতকরণ, মোংলা সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর, স্থানীয়দের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ, চট্টগ্রাম বন্দরের ন্যায় মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীদের জন্য সুযোগ-সুবিধাসহ আবাসিক ব্যবস্থা করা, মোংলা বন্দর কেন্দ্রিক সুন্দরবন পর্যটন শিল্পকে আন্তর্জাতিকমানের পর্যটন শিল্পে রুপান্তর, মোংলা বন্দর ও খুলনার অর্থনৈতিক উন্নয়নে খানজাহান আলী বিমান বন্দর চালু করা, দ্রুত সময়ের মধ্যে মোংলার অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে আন্তর্জাতিকমানের স্টেডিয়াম করা, মোংলা-খুলনা, মোংলা-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নিত করা, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গভাবে চালু করা, মোংলা থেকে জয়মনির সাইলো পর্যন্ত মহাসড়ক নির্মাণ ও দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা ও স্বপ্ন মোংলাকে জেলা ঘোষণা করা।
এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা সম্পৃক্ত রয়েছেন। ১৮৩ সদস্য বিশিষ্ট মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক হলেন ভিপি শাহআলম ও সদস্য সচিব মোঃ নাসির হাওলাদার। #











































