-রকিবুল ইসলাম
বিদ্যুৎ শক্তি বর্তমান সভ্যতার মূল চালিকাশক্তি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হতে বিদ্যুৎশক্তির বিকল্প নেই। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিল্পবিপ্লব শেষ করে বর্তমানে আমরা চতুর্থ শিল্পবিপ্লবে প্রবেশ করেছি। চতুর্থ শিল্পবিপ্লবে তথ্য-প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটবে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, রোবটিক্স ইত্যাদি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পের বিকাশ ঘটবে। দৈনন্দিন কাজের প্রতিটি ক্ষেত্রে থাকবে প্রযুক্তির ছোঁয়া। ফলস্বরূপ বিদ্যুতের চাহিদা বহুগুণ বেড়ে যাবে। এই ধারণাকে উপলব্ধি করে সরকার বিদ্যুৎখাতকে সমৃদ্ধ করতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে চাহিদামাফিক নতুন নতুন প্রকল্প গ্রহণ করেছে। এ সকল দূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশ আজ বিদ্যুৎক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছানার চ্যালেঞ্জ আজ বাংলাদেশ সাফল্যের সাথে মোকাবিলা করেছে। দুর্গম চরাঞ্চলে অপটিক্যাল ফাইবার কিংবা সৌর প্যানেলের মাধ্যমে হলেও বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশ আজ বিদ্যুতের আলোয় আলোকিত। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করেছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জন্য এটি এক অনন্য অর্জন।
সংবিধানের ১৬ নম্বর অনুচ্ছেদে নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা, অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কর্তৃক কার্যকর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করা হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ে উন্নীত করতে ২০০৯ সালে ঘোষণা করা হয় ‘রূপকল্প- ২০২১ ’। এই রূপকল্পে ২০২১ সালের মধ্যে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর অঙ্গীকার করা হয়। সেই প্রেক্ষিতে বিদ্যুৎখাতে বেশ কিছু সংস্কার আনা হয়। বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগ যেন আকৃষ্ট হয় সেজন্য ‘প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ’ প্রণয়ন করা হয়। এর ফলে বেসরকারিভাবে বিদ্যুতখাতের বিপ্লব ঘটে। বর্তমানে প্রায় ৫০% বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বেসরকারি খাত হতে। এ হার আরো বাড়ানোর জন্য কাজ করছে সরকার। ২০৩১ সালে বেসরকারি খাতের অবদান ৫৫% এবং ২০৪১ সালে ৬০% করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এছাড়া বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য অনেকগুলো মেগা প্রকল্প গ্রহণ করেছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি মেগা প্রকল্প সেগুলোর মধ্যে অন্যতম। এসব বিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুতের অনেকগুলো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বাকিগুলোও খুব শিঘ্রই যুক্ত হবে। বাংলাদেশের বেশীরভাগ বিদ্যুৎকেন্দ্র গ্যাসভিত্তিক। জ্বালানি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কয়লা, এলএনজি, তরল জ্বালানি, ডুয়েল-ফুয়েল, পরমাণু বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণসহ বিদ্যুৎ আমদানির পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। ফলে বাংলাদেশে বিদ্যুতের সমস্যা আর থাকবে না।
২০০৯ সালে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিলো মাত্র ৪ হাজার ৯৪২ মেগাওয়াট। কিন্তু বর্তমানে সেই তুলনায় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। পাওয়ার সেল এর তথ্যমতে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৬,৭০০ মেগাওয়াট যা প্রায় ৪ কোটি ৪৩ লক্ষ গ্রাহককে সেবা প্রদান করছে। মোট সঞ্চালন লাইন ১৪,৫৩১ সার্কিট কি.মি। বিতরণ লাইন প্রায় ৬ লক্ষ ২৯ হাজার কি.মি.। বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠী প্রায় ১০০%। বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ৬০৮.৭৬ কিলোওয়াট। সারাদেশে ৫২ লক্ষ ২ হাজার ৩২২টি প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। এছাড়া সোলার হোম সিস্টেম চালু করা হয়েছে প্রায় ৬০ লক্ষ। আগামী ২০ বছরে, ২০২১ হতে ২০৪১ অর্থবছরের মধ্যে, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রতি বছর গড়ে ৩১০০ মেগাওয়াট বৃদ্ধির মাধ্যমে ৬২ হাজার মেগাওয়াটে উন্নীত করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া, প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১-এর কৌশলে পুন:নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উপর বিশেষ জোর দেয়া হয়েছে।
একটি দেশ শিল্পে কতটা উন্নত তার প্রকাশ ঘটে দেশটি কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহার করে তার উপর। বাংলাদেশ ২০ বছর মেয়াদি দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা রূপকল্প-২০৪১ গ্রহণ করেছে যার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত, সুখি, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে উন্নীত করা। এই রূপকল্প সার্থক করতে হলে আমাদের বার্ষিক গড় জিডিপি প্রবৃদ্ধি হতে হবে ৯%। এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন ব্যাপক শিল্পায়ন। এসব শিল্প সম্প্রসারণের জন্য বিদ্যুৎ শক্তির উপর ব্যাপক চাপ তৈরি হবে। সেই চাহিদা পূরণের জন্য সরকার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০৩১ সালে ৩৩,০০০ মেগাওয়াট এবং ২০৪১ সালে ৫৬,৭৩৪ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়া সিস্টেম লস ২০৩১ সালে ৮% এবং ২০৪১ সালে ৬% এ নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। এসব লক্ষ্যমাত্রা পূরণ হলে বাংলাদেশে ব্যাপক শিল্পায়ন ঘটবে। এতে মাথাপিছু গড় আয় বৃদ্ধি পাবে। ফলে ২০৪১ সালের মধ্যে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে উন্নীত হবো যেখানে দারিদ্র্য হবে সুদূর অতীত। চলমান পাতা
বৈদ্যুতিকরণের এই বিপ্লবের ফলে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আসবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটবে। স্থানীয় কাঁচামালভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব হবে। ফলে সারাদেশেই শিল্পায়নের সুযোগ সৃষ্টি হবে। বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগের ফলে প্রত্যন্ত গ্রামে বসে ফ্রিল্যান্সিং করার সুযোগ হবে। ফলে হাজারো বেকার যুবকের কর্মসংস্থান ঘটবে। সেই সাথে কোটি কোটি বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে। এজন্য প্রয়োজন বেকার শিক্ষিত যুবকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান, ল্যাপটপ/কম্পিউটার ক্রয়ের জন্য সহজ ঋণ অথবা প্রণোদনা দেয়া। এছাড়া গ্রামীণ বাজারগুলোতে কম্পিউটার ল্যাব, সাইবার ক্যাফে, প্রিন্টিং, গ্রাফিক্স প্রভৃতির ছোট ছোট স্টল তৈরি হবে যেখানে অনেকের কর্মসংস্থান হবে এবং গ্রামীণ জনগোষ্ঠী অতি সহজে ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবে। কৃষিক্ষেত্রে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটরের ব্যবহার বাড়বে। ফলে ডিজেলের উপর চাপ কমবে। কমিউনিটি ক্লিনিকগুলোতে ছোট ছোট মেডিক্যাল ইকুইপমেন্ট ইন্সটল করা যাবে। এতে ছোট খাটো স্বাস্থ্য পরীক্ষা এখান থেকেই করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাসরুমে ক্লাস নেয়া সম্ভব হবে। উন্নত কম্পিউটার ল্যাব স্থাপণের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কলমে আইসিটি শিক্ষা প্রদান করা যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার বাড়বে। প্রত্যন্ত অঞ্চলে ধীরে ধীরে স্মার্ট শপ গড়ে উঠবে।
করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। এই প্রভাবে জ্বালানি মূল্য বিস্ময়করভাবে বেড়ে গেছে। বাংলাদেশের বিদ্যুৎশিল্পেও পড়েছে এর প্রভাব। তবে সরকারের দূরদর্শী নীতির কারণে বাংলাদেশ এই সমস্যা মোকাবেলা করতে পেরেছে। বিশ্ব মন্দা কেটে গেলে এ সমস্যাও কেটে যাবে বলে আশা করা যায়। তখন জনগণ পূর্ণভাবে এই সুবিধা ভোগ করতে পারবে।
বিদ্যুৎক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে এতে কোন সন্দেহ নেই। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত টেকসই জ্বালানি নিশ্চিতে কাজ করা। গ্রাহক সেবাকে আরো কিভাবে জনবান্ধব করা যায় তা নিয়ে কাজ করতে হবে। সিস্টেম লস যথাসম্ভব কমিয়ে আনতে হবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর দিতে হবে। মানুষের ক্রয়ক্ষমতার সাথে সঙ্গতি রেখে বিদ্যুতের মূল্যের সমন্বয় সাধন করতে হবে। প্রয়োজনে সরকারিভাবে ভর্তুকি দিতে হবে। বিদ্যুতের সুবিধা প্রান্তিক জনগোষ্ঠী পাচ্ছে কি না তা নিরূপণের জন্য সর্বদা মনিটরিং করতে হবে। তাহলেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি সুখি, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত স্মার্ট বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটবে যেখানে স্মার্ট নাগরিক স্মার্ট সেবা গ্রহণ করতে পারবে।
পিআইডি, ফিচার
লেখক- রকিবুল ইসলাম, তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা











































