Home আঞ্চলিক পদ্মা সেতু হয়ে বেনাপোল বন্দরে ভারতীয় হাইকমিশনার

পদ্মা সেতু হয়ে বেনাপোল বন্দরে ভারতীয় হাইকমিশনার

10

বেনাপোল প্রতিনিধি।।
সড়ক পথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি বেনাপোল বন্দরে এসে পৌঁছলে বন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপ-হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, ডেপুটি পরিচালক মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া, ভারত বাংলাদেশ চেম্বারের বেনাপোল সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং বন্দরের এলাকা ঘুরে ঘুরে দেখেন ও অপারেশনাল কার্যক্রম দেখেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতের বিশেষ করে কলকাতার সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পদ্মা সেতুর সঙ্গে জরুরিভিত্তিতে রাস্তা প্রশস্ত হওয়া জরুরি।

এ সময় সাংবাদিকরা পেট্রাপোল ইমিগ্রেশনে বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ কর্তৃক পাসপোর্ট যাত্রীদের হয়রানি নিয়ে অভিযোগ করলে ভারতীয় হাইকমিশনার দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দেন।