Home খেলাধুলা খেলায় হারায় হাসাহাসি, ৭ জনকে হত্যা করলেন তারা

খেলায় হারায় হাসাহাসি, ৭ জনকে হত্যা করলেন তারা

10

স্পোর্টস ডেস্ক।।

ব্রাজিলে এক ভয়ঙ্কর ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দুই বন্দুকধারী দেশটির এক পুল হলে গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন। নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজনের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। নিহতদের সবাই পুল খেলার সময় ওই দুই বন্দুকধারীর ওপর হাসছিলেন বলে অভিযোগ। গত মঙ্গলবার ব্রাজিলের মাতো গ্রোসো প্রদেশের সিনোপ শহরে ঘটেছে এই ঘটনা।

রিপোর্ট, বন্দুকধারী দুই ব্যক্তি পর পর দুইটি পুল খেলায় হেরেছিলেন। সেইসময় ওই সাতজন তাদের ওপর হাসছিলেন। দেশটির পুলিশ এডগার রিচার্ডো দে ওলিভেরা এবং ইজেকিয়াস সৌজা রিবেইরো নামে অভিযুক্ত দুই বন্দুকধারীকে খুঁজছেন।

রেড্ডিটে ওই ভিডিও পোস্ট করে বলা হয়েছে, ওলিভেরা একজনের কাছে একটি পুল গেম এবং বাংলাদেশি মুদ্রায় ৮০ হাজার টাকা হারেন। যাকে তিনি পরবর্তীতে গুলি করে হত্যা করেন। তবে ইজেকিয়াসের সঙ্গে ফিরে আসার আগে তিনি লোকটিকে দ্বিতীয়বার পুল খেলায় চ্যালেঞ্জ করেছিলেন। তবে দ্বিতীয়বারও হেরে যান ওলিভেরা।

ঘটনার সূত্রপাত এখানেই। দ্বিতীয়বার হেরে যাওয়ায় সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা তাদের নিয়ে হাসাহাসি করে। প্রতিবেদনে বলা হয়েছে, এরপর ওলিভেরা একটি পিকআপ ট্রাক থেকে শটগান আনেন। সেইসময় ইজেকিয়াস পিস্তল দেখিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের দেয়ালের সঙ্গে সারিবদ্ধ করে দাঁড় করান।

এরপর ৩০ বছর বয়সী ওলিভেরা ওই পুলের মালিকসহ আরও ছয়জনকে গুলি করেন। ঘটনাস্থলেই ছয়জন নিহত হন এবং গুরুতর আহত আরেকজন পরবর্তীতে হাসপাতালে মারা যায়। পুরো ঘটনার এই দৃশ্য পুল হলের সিসিটিভিতে ধারন হয়।

ওই হামলাকারী দুই ব্যক্তি এখনও পলাতক আছেন বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।