Home আঞ্চলিক চৌগাছায় ৫৫০ রাউন্ড গুলি উদ্ধার

চৌগাছায় ৫৫০ রাউন্ড গুলি উদ্ধার

9

যশোর অফিস।।
যশোরের চৌগাছায় পরিত্যক্ত অবস্থায় মরিচা ধরা ব্যবহারের অযোগ্য ৫৫০ রাউন্ড (১০ কেজি ৫০০ গ্রাম) গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ফুলসারা ইউপির সৈয়দপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে একটি পুরাতন জংধরা টিনের বাক্সে ভরা বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, বুধবার বিকালে উপজেলার সৈয়দপুর গ্রামের জনৈক ইউনুস আলীর মেহগনি বাগানে ডিপটিউবওয়েল বসানোর জন্য শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছিলেন। মাটি খোঁড়ার একপর্যায়ে সন্ধ্যার দিকে একটি মরিচাধরা টিনের বাক্স পান।

সেটি উদ্ধারের পর শ্রমিক ও জমির মালিক বিষয়টি সৈয়দপুর গ্রামের ইউপি সদস্য কবির হোসেনকে জানান। কবির হোসেন বিষয়টি থানা পুলিশকে জানালে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত জনসাধারণের সামনে বাক্সটি খুলে রাইফেলের পুরাতন অকেজো ৫৫০ রাউন্ড (যার ওজন ১০ কেজি ৫০০ গ্রাম) গুলি উদ্ধার করে হেফাজতে নেয়।

ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিমূলে উদ্ধারকৃত অকেজো ৫৫০টি গুলি জব্দ করা হয়েছে।