ঢাকা অফিস।।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও সদ্য নিবন্ধিত দল তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন-এ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার নাজমুল হুদার নামাজে জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজউদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল, সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক ও বর্তমান নেতারা, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারাসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।
প্রসঙ্গত, ব্যারিস্টার নাজমুল হুদা রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকার দোহারের শাহীনপুকুরের নিজ বাড়িতে মরহুমের শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ব্যারিস্টার নাজমুল হুদা ছিলেন নির্বাচন কমিশন (ইসি) থেকে সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রীও ছিলেন। ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন।
এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন নাজমুল হুদা। পরে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল করেন।











































