ঢাকা অফিস।।
সোমবার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থায় কোনও ঝুঁকি বা জটিলতা খুঁজে পাননি তার চিকিৎসক অধ্যাপক ডা. মমিনুজ্জামান।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে দেখার পর গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুলের শারীরিক যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, সন্ধ্যা নাগাদ সেসব রিপোর্ট দেখে চিকিৎসক পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান ডা. জাহিদ। মির্জা ফখরুল হাসপাতালে ভর্তির পর পরই জরুরি বিভাগের চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করেছেন বলে জানান তিনি।
ডা. জাহিদ বলেন, মির্জা ফখরুলের দেখভাল করছেন চিকিৎসক অধ্যাপক ডা. মমিনুজ্জামান। আপাতত মহাসচিবকে কার্ডিয়াক এইচডিইউতে অবজারভেশনের জন্য রাখা হয়েছে। তার রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেসময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন।











































