ঢাকা অফিস।।
রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১২ তলা ভবনে লাগ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। রাত ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত করা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট। ভবন থেকে ২৩ জন নারী ও পুরুষকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি সংবাদিকদের নিশ্চিত করেছেন সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাত ১০টার দিকে একজন পুরুষের মৃতদেহ হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের তীব্রতা কিছুটা কমেছে। তবে ধোঁয়া প্রচুর। এজন্য ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। এছাড়া ঘটনাস্থলের পাশে একাধিক অ্যাম্বুলেন্স অবস্থান করছে। ভবনটিতে বসবাসকারীরা জানিয়েছেন, আগুন লাগার পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তারা বের হতে পারেননি। তবে ভবনটিতে আটকে পড়া মানুষের সঠিক হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার পর ভবনটিতে আটকে পড়া ২৩ জন পুরুষ ও নারীকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া ভবনের ১১তলা থেকে লাফিয়ে পড়ে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।











































