Home আঞ্চলিক দু’পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষ

দু’পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষ

14

কালিয়া (নড়াইল) প্রতিনিধি।।
কালিয়ার চন্দ্রপুর গ্রামের বাড়ি থেকে চাঁচুড়ী বাজারের কর্মস্থলে যাচ্ছিলেন শারাফাত শেখ (৪৪)। আগের দিনের সংঘর্ষের জের ধরে গতকাল শনিবার সকালে ওই বাজারে তাঁর বাম হাতের কবজি কেটে দেয় প্রতিপক্ষের লোকজন। সেই সঙ্গে কেটে দেওয়া হয় দু’পায়ের রগ। এ সময় তাঁকে উদ্ধারে আসা আরও তিনজন হামলায় আহত হন। বর্তমানে শারাফাতসহ দু’জন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শারাফাত চন্দ্রপুরের মৃত মোসলেম শেখের ছেলে। তিনি ঈগল পরিবহনের চাঁচুড়ী বাজার টিকিট কাউন্টারের ব্যবস্থাপক। স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রপুরে আধিপত্য বিস্তার নিয়ে রবিউল মোল্যা ও আতাউর মৃধার মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। আতাউরের সমর্থক ছিলেন শারাফাত।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার সকালে বাজারের কাউন্টারে আসছিলেন শারাফাত। সাড়ে ৭টার দিকে রবিউল মোল্যার নেতৃত্বে ১০-১২ জন তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে শারাফাতের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। কেটে দেওয়া হয় তাঁর দু’পায়ের রগ।
শারাফাতকে উদ্ধারে এগিয়ে আসা একই গ্রামের ফুল মিয়া শেখ (৫০), শামীম শেখ (২৫), পলাশ শেখ (৩২) ও লোকমান মোল্যাও (৪৮) হামলায় আহত হন। তাঁদের মধ্যে ফুল মিয়া, পলাশ ও লোকমানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিউল মোল্যাসহ হামলায় জড়িতদের কাউকে এলাকায় পাওয়া যায়নি। তাঁদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পুরুলিয়া ইউপি)চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম মনির বলেন, ওই দু’পক্ষের দ্বন্দ্ব অনেক দিনের। মীমাংসার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। এ সংঘর্ষের নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির চান।
কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেছেন, সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।