Home কলাম গণমাধ্যম: মুক্ত চর্চার মুক্ত মঞ্চ

গণমাধ্যম: মুক্ত চর্চার মুক্ত মঞ্চ

28

-রকিবুল ইসলাম

পৃথিবীতে বোধহয় মানুষই একমাত্র প্রাণি যার রয়েছে অদেখাকে দেখার, অজানাকে জানার অদম্য কৌতুহল। একসময় দূত/বার্তা বাহকেরা আমাদের সেই কৌতুহল মিটাত। কেবল তাদের মাধ্যমেই সুদূরের সংবাদ জানা যেত। সংবাদ ছড়াতো মুখে মুখে। এক দেশের খবর অন্য দেশে পৌঁছাতে হয়তো মাস পেরিয়ে বছর এসে যেত। সময় যত গড়িয়েছে সংবাদ মাধ্যমেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বিজ্ঞানের নব নব আবিষ্কার সংবাদ আদান প্রদানকে করেছে আরো জনবান্ধব, সাশ্রয়ী ও গতিশীল। পৃথিবীর একপ্রান্তের ঘটনা মুহুর্তের মধ্যেই অন্যপ্রান্তে পৌছে যাচ্ছে। সংবাদমাধ্যম এখন যে শুধু সংবাদ জানার মাধ্যম তা কিন্তু না। এটি হয়ে উঠেছে বিনোদন, জ্ঞনার্জন এবং মুক্ত চর্চার অন্যতম বাহন। মানবাধিকারকর্মীরা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। মজলুমের পক্ষে আর জুলুমের বিপক্ষে সর্বদা সোচ্চার এই গণমাধ্যম।

বলা হয়ে থাকে গণমাধ্যম একটি সভ্য সমাজের দর্পণস্বরূপ। একটি সমাজের সামগ্রিক প্রতিচ্ছবি ফুটে ওঠে সংবাদপত্রের প্রতিটি পাতায়। এজন্য সংবাদ পরিবশনের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। প্রতিটি সংবাদ পরিবেশনের সময় হতে হয় দায়িত্বশীল, তথ্য উপস্থাপনে হতে হয় বস্তনিষ্ঠ, আর শব্দচয়নে হতে হয় রুচিশীল। একটি সুস্থ ও নিরপেক্ষ গণমাধ্যম হতে পারে একটি সুন্দর ও নান্দনিক সমাজের প্রতিছবি। একটি জাতির আশা-আকাঙ্খা, হাসি-কান্না, অভাব-অভিযোগ, অনুভূতির প্রকাশ ঘটে সংবাদপত্রের প্রতিটি কলামে। গণমাধ্যম হয়ে ওঠে অসহায়ের সহায়, সম্বলহীনের অবলম্বন, সংখ্যালঘুদের রক্ষাকবচ আর তরুণদের জন্য আলোকবর্তিকা।

এখন গণতন্ত্র নিয়ে কিছুটা আলোচনা করা যাক। গণতন্ত্রের আলোচনায় আব্রাহাম লিংকনের সেই বিখ্যাত উক্তি চলে আসে, ‘জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার হলো গণতন্ত্র।’ জগতে গণতন্ত্র চর্চার ইতিহাস সুপ্রাচীন। প্রাচীন গ্রীসকে গণতন্ত্রের সুতিকাগার বলা হয়ে থাকে। কয়েক হাজার বছর আগে গণতন্ত্রের উদ্ভব ও ক্রম বিকাশ ঘটেছিলো সেখান থেকেই। সে সময় গ্রীসে নগর রাষ্ট্রের প্রচলন ছিল যেখানে নাগরিকেরা সরাসরি শাসনকার্য পরিচালনা করত। এসব নগর রাষ্ট্রের আয়তন ছিলো ছোট। জনসংখ্যা ছিলো সীমিত। জনগণ সহজেই প্রত্যক্ষভাবে বা লিখিত বার্তার মাধ্যমে শাসনকার্য পরিচালনা করতে পারতো। প্রত্যেকে তাদের মতামত প্রকাশের অবারিত সুযোগ পেত। কিন্তু আধুনিক রাষ্ট্র আয়তনে বিশাল। এসব রাষ্ট্রের জনসংখ্যাও নেহাত কম নয়। এসব রাষ্ট্রের কার্যাবলিও অতীতের চেয়ে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ এখানে প্রত্যক্ষ গণতন্ত্র চর্চা করা প্রায় অসম্ভব। তদস্থলে বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি গণতান্ত্রিক দেশে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বিরাজ করছে। এসব গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দসই প্রতিনিধি নির্বাচন করে থাকে। যারা জনগণের চাহিদা মাফিক শাসনকার্য পরিচালনা করে। এইসব জনপ্রতিনিধিরা ক্ষমতা পেয়ে যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেজন্য জনগণকে সর্বদা সজাগ থাকতে হয়। কিন্তু জনগণের পক্ষে সমস্ত খবরাখবর রাখা সম্ভবপর নয়। সেই কাজটি অনেকাংশে সহজ করে দিয়েছে এই গণমাধ্যমগুলো। জনগণের হয়ে এইসব গণমাধ্যম জনপ্রতিনিধিদের জবাবদিহিতার সম্মুখীন করে। ফলে জনপ্রতিনিধিরা ক্ষমতার অপব্যবহার করতে পারে না। এজন্য শাসন ব্যবস্থায় জবাবদিহিতা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ইত্যাদি বৃদ্ধি পায়। দুর্নীতি অনেকাংশে কমে আসে। এগুলো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মূল্যবোধ। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই গণমাধ্যমের ধরণেও এসেছে পরিবর্তন। পূর্বের সংবাদপত্রের উত্তরসূরি হিসেবে রেডিও এবং টেলিভিশন, সর্বশেষ ইন্টারনেটের আবির্ভাব ঘটেছে। প্রিন্ট মিডিয়ার জায়গা দখল করে নিচ্ছে অনলাইন পোর্টালগুলো। ফেসুবক, টুইটার, ব্লগিং ইত্যাদি ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যক্তি পর্যায়ে গনতন্ত্র চর্চার সুযোগ হচ্ছে। মাধ্যম যাই হোক না কেন উদ্দেশ্য একই; জনগণ ও রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং মুক্ত গণতন্ত্র চর্চা।

একটি রাষ্ট্রের ৩টি অঙ্গ যথা শাসনবিভাগ, আইনবিভাগ ও বিচারবিভাগের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। এই ৩টি অঙ্গের বাইরে একটি রাষ্ট্রের অলিখিত চতুর্থ অঙ্গ হলো গণমাধ্যম। এই চতুর্থ অঙ্গটি বাকি তিনটি অঙ্গ ঠিকঠাক কাজ করছে কি না সে বিষয়ে সর্বদা সজাগ থাকে। যৌক্তিক বিতর্কের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহকারী হিসাবে গণমাধ্যম আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের গুণগত মানের উপর নির্ভর করে জনগণ তাদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পায়। নির্বাচনকালীন সময়ে প্রার্থীরা যেমন জনগণের চাহিদা সম্পর্কে জানতে পারে তেমনি জনগণও তাদের অভাব অভিযোগ, দাবিদাওয়া পেশ করার সুযোগ পাই। সেই অনুযায়ী প্রার্থীরা তাদের ইশতেহার প্রচার করতে পারে। এক্ষেত্রে গণমাধ্যম দুই পক্ষের মধ্যে যোগাযোগের অন্যতম বাহন হিসেবে বিবেচিত হয়। ফলে একটি সুস্থ কার্যকরী গণতন্ত্রের পূর্বাভাস প্রদানে গণমাধ্যম ভূমিকা রাখে। গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যকে নির্ভরযোগ্য উৎস হিসেবে বহুদিন যাবত নাগরিকরা ব্যবহার করে আসছে। ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে প্রতিটি নাগরিকের পক্ষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করা আর সম্ভব নয়। বর্তমানে দেশে দেশে যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বিরাজ করছে যেখানে প্রতিনিধিরা ব্যক্তিদের পক্ষে কথা বলে এবং কাজ করে। গণমাধ্যম, এই পরিবেশে, সরকারে থাকা ব্যক্তিদের কাছে জনগণের কণ্ঠস্বর হওয়ার ভূমিকা নিয়েছে। যদি সংবাদমাধ্যমের অস্তিত্ব না থাকত, তাহলে সরকার যা কিছু করবে তার জন্য জনগণের কাছে জবাবদিহি না করে তাদের ইচ্ছানুযায়ী শাসন পরিচালনা করতো। এটি স্বচ্ছ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী যা দুর্নীতিকে উৎসাহিত করতে পারে। একটি দেশের গণতন্ত্রের মাপকাঠি নির্ধারিত হয় সে দেশের গণমাধ্যম কতটা স্বাধীন তার ভিত্তিতে। আধুনিক বিশ্বের যেসব দেশকে গণতন্ত্রের রোল মডেল হিসেবে উপস্থাপন করা হয় সে সব দেশের সংবাদমাধ্যমের দিকে দৃষ্টিপাত করলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। বাঙালি নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, ‘সংবাদ মাধ্যমের উপর লাগাম টানার ফলে যেসব তথ্য সুপ্ত থেকে যায় তা একনায়কতান্ত্রিক সরকারকেই ভুল পথে চালিত করে। এটা অবশ্যই সত্য যে সংবাদমাধ্যমের উপর বিধিনিষেধ কেবল নাগরিকদেরই অন্ধকারে রাখে না, সরকারের কাছেও অতি জরুরি তথ্য পৌছতে দেয় না।’

এ দেশের আপোষহীন জনগণ সর্বদা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছে। বৃটিশ উপনিবেশের বিরুদ্ধে এ জাতি কলম ধরেছিলো। বৃটিশরা নানা দমনপীড়ন চালিয়েও তা বন্ধ করতে পারেনি। কলম ধরেছিলো পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধেও। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত প্রতিটি আন্দোলনে জনমত গঠনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয়দফা দাবির পক্ষে গণজোয়ার গড়ে তুলেছিলো তখনকার গণমাধ্যমগুলো। বিদেশি গণমাধ্যমগুলো পাক-হানাদার বাহিনীর বর্বরতার খবর বর্হিবিশ্বে প্রচার করেছিলো যা বিশ্বজনমত গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছিলো। সে সময়ের ভীতসন্ত্রস্ত জনগণ রণাঙ্গণের খবরাখবর পেত তখনকার গণমাধ্যম দ্বারা। এতে মুক্তিযুদ্ধের পক্ষে একটি শক্তিশালী জনমত গড়ে ওঠে। পাকিস্তানিদের সকল ষড়যন্ত্র তারা বুঝতে পারে। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, ছাত্র দলবেধে ঝাঁপিয়ে পড়ে বাচার লড়াইয়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত দেশাত্ববোধক গান আর ৭ই মার্চের ভাষণ মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিল। যার পরিণতিতে আমরা পেয়েছি স্বাধীনতা।
সাংবিধানিকভাবে এদেশের মানুষ মুক্তচর্চার অধিকার পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকারের ৩৯ অনুচ্ছেদের ২ দফার (খ) উপদফায় সংবাদক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। সংবাদপত্রে তথ্য উপস্থাপনে এর সাথে জড়িত ব্যক্তিবর্গকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মুক্তচর্চার সুযোগ নিয়ে এমন কিছু প্রকাশনা থেকে বিরত থাকা উচিত যা উদ্দেশ্য প্রনোদিতভাবে জনমনে ভীতির সঞ্চার করে, জাতীয় ঐক্যের ফাটলসৃষ্টি করে, কোন গোষ্ঠীর ধর্মানুভূতিতে আঘাত হানে কিংবা এমন অসত্য তথ্য যা প্রকাশ পেলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রয়োজনে সরকারের ব্যর্থতায় সমালোচনা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সরকারের সফলতা জনগণের সামনে তুলে ধরা। তাহলেই গণমাধ্যমের স্বাধীনতার আসল স্বাদ জনগণ গ্রহণ করতে পারবে। এভাবেই গণমাধ্যম হয়ে উঠবে মুক্তচর্চার মুক্ত মঞ্চ।

লেখক-রকিবুল ইসলাম, তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা/ পিআইডি ফিচার