Home আঞ্চলিক নগরীর সবুজ সংঘ মাঠে অবৈধ লটারীতে সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ!

নগরীর সবুজ সংঘ মাঠে অবৈধ লটারীতে সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ!

58

স্টাফ রিপোর্টার।।

নগরীর দৌলতপুর পাবলা সবুজ সংঘে মেলার অনুমতির আড়ালে চলছে লটারী নামের জুয়া। প্রশাসনের চোখের সামনে প্রতিদিন লাখ লাখ টাকার লটারীর খেলা চলছে। প্রতিদিন লটারী নামের জুয়ায় মোটরসাইকেল পাওয়ার প্রলোভনে নিম্ন-মধ্যবিত্তরা নিঃস্ব হচ্ছে। এদিকে মেলাকে কেন্দ্র করে যৌন হয়রানি, মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাতও বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দৌলতপুরের পাবলা সবুজ সংঘ মাঠে চলছে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এসবের আঁড়ালে প্রতিদিন চলছে ২০ টাকা দামের লটারী নামক জুয়া।

স্থানীয়দের অভিযোগ, পাবলা সবুজ সংঘ মেলাকে কেন্দ্র করে প্রতিনিয়ত নগরীর বিভিন্ন স্থানে সকাল থেকে ইজিবাইকে করে লটারী বিক্রি হয়। ২০টাকা মূল্যের লটারীতে মোটরসাইকেলসহ নানা আকর্ষণীয় পুরস্কারের প্রলোভন দেয়া হচ্ছে। ফলে রিকশাচালক, ভ্যানচালক, চায়ের দোকানদার, মুদি দোকানী, দিন মজুরসহ নানা পেশাজীবী মানুষ লটারীর পুরস্কারের আশায় প্রতিদিন হাজারও টাকার লটারী কিনে প্রতারিত হচ্ছেন। এ ছাড়া মেলার লটারীর ড্র হচ্ছে গভীর রাত পর্যন্ত। যার ফলে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতাও বেড়েছে।

এলাকাবাসীর অভিযোগ- মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত ঠিক ছিল। তবে লটারীর কারণে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে সামাজিক অরাজকতা বাড়ছে।

স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, পাবলা সবুজ সংঘ ক্লাবের নির্মাণ কাজের সাহায্যের জন্য লটারি হচ্ছে। তাছাড়া এ ক্লাবের সাথে একজন মন্ত্রী জড়িত, সুতরাং অবৈধ কিছু হওয়ার সুযোগ নেই। ২০ জানুয়ারি মেলা শেষ হয়ে যাবে।

এসব বিষয়ে পাবলা সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবল মিলন বলেন, ‘কেএমপি কমিশনার লটারীর চালানোর অনুমতি দিয়েছেন। তবে তিনি বলেছেন, যেনো নগদ টাকা না দেই। ক্লাবের উন্নয়নে আমরা ২০টাকামুল্যের লটারী চালাচ্ছি।’

পাবলা সবুজ সংঘ ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড আ’লীগের সভাপতি তরফদার মনিরুল ইসলাম বলেন, ক্লাবের উন্নয়নের জন্য লটারী হচ্ছে। মেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাং, মাদকসেবী বা যৌন হয়রানির মতো কোনো ঘটনা ঘটেনি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ১০দিনের জন্য ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার অনুমোদন নেয়া হয়েছে। তবে কোনো অবৈধ কাজ হলে আমরা ব্যবস্থা নেবো।

কেএমপি’র ডিসি ডিবি বিএম নুরুজ্জামান জানান, মেলায় লটারির অনুমোদন আছে কিনা এটা জানা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে এটা জেনে বলতে পারবো। তবে মেলার অনুমতি আছে।