Home আঞ্চলিক ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে সুলতান মেলা শুরু শনিবার

৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে সুলতান মেলা শুরু শনিবার

10

নড়াইল প্রতিনিধি।।

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে শনিবার (৭জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ১৪দিনব্যাপী সুলতান মেলা। নড়াইল ভিক্টারিয়া কলেজ চত্বরের সুলতান মঞ্চে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে মেলায় থাকছে বিভিন্ন আয়োজন। এর মধ্যে রয়েছে দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, গ্রামীন খেলাধুলা লাঠিখেলা, কাবাডি, কুস্তি, ভলিবল, আর্চারি, ষাড়ের লড়াই, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পীর জীবন দর্শন, শিল্পীস্বত্তা ও কর্মময় জীবনের ওপর সেমিনার।

জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, শনিবার বিকেলে মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। ২০ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সুলতান স্বর্ণ পদক’প্রদান করবেন। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে একজন গুঈ চিত্রশিল্পীকে ‘সুলতান স্বর্ণ পদক’ দেওয়া হবে। শিল্পী নির্বাচন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে লোক ঐতিহ্য দোলনা, খেলনা ট্রেন-নৌকা, কারু শিল্প, মৃৎশিল্প, দারুশিল্প, কাপড়, চুড়ি-ফিতা, বিভিন্ন প্রকার পিঠা-পুলিসহ দেশীয় খাবারের পসরা সাজিয়ে শতাধিক স্টল বসেছে মেলা প্রঙ্গণে। এছাড়া সাংস্কৃতিক সংগঠনগুলো এখন সরব। মেলায় স্থানীয় মূর্ছনা সংগীত নিকেতন, সরগম, গ্রেভ, যুগান্তর নাট্য সংসদ, ছন্দায়ন, চিত্রা থিয়েটার, ছায়ানট, উদীচী শিল্পী গোষ্ঠী,জেলা শিল্পকলা একাডেমিসহ ৫০টি সাংস্কৃতিক সংগঠন নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও নাটক পরিবেশন করবে। এছাড়া লালন একাডেমিসহ ঢাকা ও খুলনা থেকে প্রতিভাবান শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

প্রসঙ্গত, বরেণ্য শিল্পী এস এম সুলতান নড়াইল শহরের মাছিমদিয়ায় ১৯২৪ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন। ২০০৩ সাল পর্যন্ত শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে নির্দিষ্ট সময়ে এ উৎসব পালিত হয়ে আসলেও বর্ষা এবং শোকের মাস আগস্টের কারণে মেলার দিনক্ষণ পিছিয়ে যায়।