বাগেরহাট প্রতিনিধি।।
অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগে সংবাদ প্রকাশের পর অবশেষে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক এস এম এ সানিকে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে তাঁর পদে পদায়ন করা হয়েছে।
গত সোমবার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শিহাব উদ্দিন খান বদলির এ আদেশ দেন।
আলোচিত এই উপসহকারী পরিচালকের দুর্নীতি-অনিয়মসহ বিভিন্ন অভিযোগে নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরদিন পাসপোর্ট অফিসে গণশুনানি করেন জেলা প্রশাসক। সেখানে ওই সংবাদ তুলে ধরা হয়। তখন জেলা প্রশাসক হয়রানি বন্ধের আশ্বাস দিলেও গ্রাহকদের হয়রানি থামেনি সরকারি এই অফিসে।
এ ছাড়া এক প্রবাসীকে হয়রানির অভিযোগে এস এম এ সানির বিরুদ্ধে বাগেরহাট আদালতে এক কোটি টাকার মানহানির মামলা চলছে। অবশেষে এই কর্মকর্তাকে বদলি করায় সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।











































