খুলনাঞ্চল রিপোর্ট।।
মুন্সীগঞ্জে ত্রিভুজ প্রেমের বলি হয়েছে জেসি মাহমুদ (১৭) নামে এক স্কুলছাত্রী। তার কথিত প্রেমিক বিজয় রহমান (২২) ও বিজয়ের অপর প্রেমিকা আদিবা আক্তার (১৯) মিলে জেসিকে নৃসংশভাবে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, এ ঘটনায় বুধবার (৪ জানুয়ারি) বিকেলে আদিবাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সন্ধ্যায় নিহতের বড় ভাই শাহরিয়ার জিদান বাদী হয়ে বিজয় ও আদিবার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও এক-দুইজনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত জেসি শহরের কোর্টগাঁও এলাকার বাসিন্দা, সৌদিপ্রবাসী সেলিম মাহমুদের মেয়ে। এ বছর তার স্থানীয় আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
অভিযুক্ত বিজয় রহমান মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আরিফুর রহমানের ছেলে এবং আদিবা আক্তার পঞ্চসার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহিদ হাসানের মেয়ে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আদিবা ও জেসি উভয়ের সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত বিজয়ের। সম্প্রতি বিজয় আদিবাকে বিয়ের পরিকল্পনা করছে বলে জানতে পারে জেসি। এরপর জেসি রাগান্বিত হয়ে ওঠে। সে মেসেঞ্জারে তার ও বিজয়ের মধ্যকার বেশকিছু একান্ত আলাপচারিতার স্ক্রিনশট বিজয়ের অপর প্রেমিকা আদিবাকে পাঠায়। সেগুলো দেখে আদিবা বিজয়কে প্রশ্নবিদ্ধ করে। পরে মঙ্গলবার তারা (বিজয় ও আদিবা) সিদ্ধান্ত নেয় বিজয়ের বাসায় এ বিষয়ে ফয়সালা করার।
মঙ্গলবার সন্ধ্যায় তারা তিনজন (জেসি, বিজয় ও আদিবা) বিজয়ের বাসার ৫ম তলার ছাদে মিলিত হয়। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আদিবা ও বিজয় উভয়ই জেসিকে কিলঘুষি মেরে জখম করে। ধস্তাধস্তির একপর্যায়ে বিজয় জেসির গলা চেপে ধরলে ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে। পরে বিজয় স্থানীয় আরও কয়েকজনের সহায়তায় জেসিকে হাসপাতালে নিয়ে যায়। এ সময় সে ডাক্তারকে জানায়, মেয়েটি ছাদ থেকে পড়ে গেছে। একই সময়ে জেসির ভাইকে ফোন করে হাসপাতালে ডেকে এনে পালিয়ে যায় বিজয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে জেসি মারা যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে বিজয়ের বাবা আরিফুর রহমান ও মা কানিজ ফাতেমা মনিকে বুধবার রাতে ছেড়ে দেয়া হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।











































