স্টাফ রিপোর্টার।।
বছরের প্রথম দিন নতুন বই নিতে অন্য শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয়ে হাজির হয়েছিলো খুলনা জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৌভিক দে। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর তার হাতে তুলে দেয়া হয় শুধু ইংরেজি বই। আর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খুলনার চতুর্থ শ্রেণিতে দেয়া হয়েছে প্রাথমিক বিজ্ঞান বই। গত দুই দিন বিদ্যালয়ে ক্লাস চলছে। কিন্তু আর কোনো বই পায়নি পঞ্চম শ্রেণি ছাত্ররা। বই ছাড়াই ক্লাস করতে হচ্ছে তাদের। একই অবস্থা চতুর্থ শ্রেণির ছাত্রদের। তাদের দেয়া হয়েছে শুধু প্রাথমিক বিজ্ঞান বই। অথচ ক্লাস হচ্ছে সব বিষয়ের। শুধু জিলা ও মডেল স্কুলই নয়, নগরীর অধিকাংশই শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে একই দৃশ্য দেখা গেছে।
নগরীর কেসিসি কলেজিয়েট গার্লস স্কুলে গিয়ে দেখা গেছে, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের শুধু বিজ্ঞান বই দেয়া হয়েছে। অথচ বিদ্যালয়ে প্রতিদিন ৬টি বিষয়ে ক্লাস হচ্ছে। শিক্ষকরা পুরাতন বই নিয়ে ক্লাসে পাঠদান করছেন। কিন্তু কী পড়ানো হচ্ছে ধরতে পারছে না শিক্ষার্থীরা। এরমধ্যে আবার বাড়ির পড়াও দেয়া হচ্ছে। সার্বিক বিষয় নিয়ে ক্ষুব্ধ ও হতাশ অভিভাবকরা। খুলনা জেলা প্রাথমিক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনায় ১ হাজার ৫৭১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। চলতি বছরে জেলায় বইয়ের চাহিদা রয়েছে ১০ লাখ ৬৫ হাজার ২৩১টি। চাহিদার বিপরীতে প্রায় ৮০ শতাংশ বই এসেছে। এরমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পেয়েছে একটি বই। অন্য শ্রেণিতেও সম্পূর্ণ বই মেলেনি। অপরদিকে খুলনায় মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৪২০টি ও মাদ্রাসা ১৩৬টি। এ জেলায় ২৯ লাখ বইয়ের চাহিদা রয়েছে। ১লা জানুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ বই খুলনায় পৌঁছেছে। মাধ্যমিক স্তরে তৃতীয়, ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অধিকাংশ পাঠ্যবই পেয়েছে। বাকিরা কেউ একটি, কেউ দু’টি করে বই পেয়েছে।
জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সৌভিক দে বলেন, ৩ দিন ধরে শুধু ইংরেজি বই পড়ছি। এক বই পড়তে আর ভালো লাগে না। কেসিসি’র কলেজিয়েট গার্লস স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মানহা হোসাইন বলেন, ম্যাডাম ও স্যাররা ক্লাসে পুরাতন বই দেখে পড়াচ্ছেন। অনেকে পুরাতন বই জোগাড় করেছে। আমিসহ যাদের কাছে পুরাতন বই নেই, তারা কিছুই বুঝতে পারছি না। খুলনা জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষক বিউটি মল্লিক বলেন, ছোট বাচ্চারা বই ছাড়া পড়তে চায় না। তাদের বুঝিয়ে শুনিয়ে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ বলেন, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে একটি করে বই এসেছে। তবে অন্য ক্লাসের শিক্ষার্থীরা সব বই পেয়েছে। বাকি বই দেয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে। সার্বিক বিষয় নিয়ে খুলনার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ইতিমধ্যে ৫০ শতাংশ বই চলে এসেছে। জানুয়ারি মাসের মধ্যে সব বিদ্যালয়ে পাঠিয়ে দেয়া হবে।











































